বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিএনপির প্রতি যুক্তরাষ্ট্র সন্তুষ্ট নয় বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের ওপর বহির্বিশ্বের কোনো চাপ নেই। আমরা আমাদের নিজেদের প্রেশারে (চাপে) আছি। একটা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এটা আমাদের প্রেশার (চাপ)। এটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি।’
সরকারের প্রতি বিদেশি চাপের বিষয়ে বলেন, ‘আমরা নিজেদের ভ্যালুস (মূল্যবোধ) প্রমোট (উৎসাহিত করা) করি। আমাদের জনগণের প্রতি বিশ্বাস রয়েছে, তাদের রায়টা আমরা চাই। আমরা চাই বহু লোক নির্বাচনের সময় কেন্দ্রে গিয়ে ভোট দেবে। এগুলো আমাদের চ্যালেঞ্জ। অন্য কোনো চ্যালেঞ্জ নেই।’
বিএনপি দাবি করছে, যুক্তরাষ্ট্র এ ধরনের নির্বাচন চায় না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি দাবি করলে ওদের জিজ্ঞেস করুন। কিন্তু আমার মনে হয়, বিএনপি যে কাজগুলো করেছে, আমেরিকা তাতে সন্তুষ্ট নয়। কারণ আমেরিকাও জ্বালাও-পোড়াও চায় না। আমেরিকা সন্ত্রাসী তৎপরতা চায় না। সুতরাং আমার ধারণা, আমেরিকা তাদের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট।’ তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক যে মাইন্ডসেট এটা তাদের (বিএনপি) কাছ থেকে যুক্তরাষ্ট্র পায়নি। আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের সঙ্গে ওদের মানসিকভাবে কোনো তফাৎ নেই।’