ডিসি অফিসে বেলুনের সিলিন্ডার বিস্ফোরণ

বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফোলাতে গিয়ে মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী নামে এক বেলুন বিক্রেতা মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শনিবার ভোরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন।

নিহত আনোয়ার ব্যাপারী (৫০) ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলার হারুাকান্দি গ্রামের কাওছার ব্যাপারীর ছেলে। আহতরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে কবির হোসেন ও নিহত আনোয়ার ব্যাপারীর ছেলে সোহেল ব্যাপারী।

নিহত আনোয়ার ব্যাপারীর ছেলে সোহেল ব্যাপারী জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফোলাতে ছিলাম আমি, আমার আব্বা ও কবির হোসেন। আমি সিলিন্ডার থেকে একটু দূরে ছিলাম। হঠাৎ বিকট আওয়াজে আব্বার কাছে গিয়ে দেখি পা একটা নেই। কবিরও দূরে পড়ে আছে। আমিও পায়ে প্রচ- ব্যাথা পেয়েছি। ঘটনার এক ঘণ্টা পর আমি আব্বাকে সদর হাসপাতালে নিয়ে আসি। পরে হাসপাতাল থেকে পুলিশ একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দেয়। ঢাকা যাওয়ার পথে আব্বা মারা যান।

মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন বলেন, ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আনোয়ার ব্যাপারীর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হয় কবির ও সোহেল। আনোয়ারকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাকি দুজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।