আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) টমেটো ফলানোর দায়িত্বে ছিলেন নভোচারী ফ্র্যাংক রুবিও ও তার দল। প্রথমবারের মতো মহাকাশের কৃত্রিম ও প্রতিকূল পরিবেশে দুটো টমেটো ফলানও তারা। তবে দুর্ভাগ্যজনকভাবে টমেটোগুলো মহাকাশেই হারিয়ে ফেলেন রুবি! অবশ্য আইএসএস থেকে হারিয়ে যাওয়ার আট মাস পর চলতি মাসের শুরুতে টমেটোগুলোর আবার খোঁজ মিলেছে। নাসা হারিয়ে যাওয়া সেই দুটো টমেটোর ছবিও প্রকাশ করেছে।
নাসার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএসএস থেকে ফিরে এসে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্র্যাংক রুবিও জানান, মহাকাশে চাষ করা টমেটোগুলো একটি প্রেজেন্টেশনের জন্য ব্যাগে ভরে রেখেছিলেন তিনি। কিন্তু পরে ওই ব্যাগসহ টমেটোগুলো হারিয়ে যায়। তিনি জানান, টমেটো হারানো নিয়ে তার বাকি নভোচারী বন্ধুরা মজার ছলে দাবি করে বসেন, রুবিও নাকি নিজেই টমেটোগুলো খেয়ে ফেলেছেন!
নাসা জানায়, টমেটোগুলো একটি প্লাস্টিক জিপব্যাগে পানিশূন্য ও কুঁচকানো অবস্থায় পেয়েছে তারা। অবশ্য এত দিন মহাকাশের শূন্য অভিকর্ষে ভেসে থাকলেও খুব একটা খারাপ অবস্থা হয়নি এগুলোর। নাসা বলেছে, টমেটোগুলো কিছুটা বিবর্ণ হয়ে গেলেও এগুলোর মধ্যে কোনো জীবাণু বা ছত্রাক জন্মায়নি।
নাসার ভাষ্যমতে, টমেটোগুলো কেউ একজন আবর্জনা ভেবে আইএসএসের ভেতরে কোথাও ফেলে দিয়েছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে এক বছর পর অন্য নভোচারীরা টমেটোগুলো আবিষ্কার করেন।
এদিকে খুঁজে পাওয়া টমেটোগুলো ঠিক কোন সময়ের তা নিয়েও বিতর্ক আছে। আগের সংবাদগুলোতে টমেটোগুলো ভেজ-০৫ পরীক্ষার বলা হলেও নাসার মতে, রুবিও ভুলক্রমে ২০২৩ সালের ভেজ-০৫ প্রজেক্টের টমেটোর সঙ্গে ২০২২ সালের এক্সরুট পরীক্ষার টমেটোর ওলট-পালট করে ফেলেছিলেন। তাই ধারণা করা হচ্ছে, পাওয়া টমেটোগুলোর বয়স আট মাসের থেকেও বেশি হতে পারে।
নাসা দীর্ঘ দিন ধরে মহাকাশের প্রতিকূল পরিবেশ ফসল উৎপাদনে কেমন ভূমিকা রাখে এবং আইএসএসে কীভাবে ফসল ও খাবার উৎপাদন করা যায় তা নিয়ে পরীক্ষা চালাচ্ছে। রেড ডোয়ার্ফ টমেটোগুলো এক্সরুট বা এক্সপোজড রুট অন-অরবিট টেস্ট সিস্টেম প্রোগ্রামের আওতায় ফলানো হয়েছিল। এ ক্ষেত্রে মাটির পরিবর্তে হাইড্রোপনিক ও অ্যারোপনিক পদ্ধতি ব্যবহার করা হয়।
রুবিও ২০২৩ সালের সেপ্টেম্বরে ফিরে আসার আগ পর্যন্ত আইএসএসে রেকর্ড ৩৭১ দিন অবস্থান করেছিলেন। আর মার্চের দিকে ফলানো টমেটোগুলো ভেজ-০৫ পরীক্ষার অংশ হিসেবে পৃথিবীতে পাঠানোর কথা ছিল। স্কুলের বাচ্চাদের একটি অনুষ্ঠানে টমেটোগুলোর একটি নমুনা দেখানোর পরিকল্পনা করেন রুবি। তবে আট থেকে বিশ ঘণ্টা খোঁজার পরও তিনি আর তা খুঁজে পাননি। রুবি বলেন, ‘আমি মোটামুটি নিশ্চিত ছিলাম টমেটোগুলো আমি ভেলক্রো (মহাকাশে প্রয়োজনীয় বস্তু নিরাপদে রাখার ব্যাগ) করে রেখেছি। কিন্তু পরে এসে তা আর পাইনি।’