দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকার প্রার্থী বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এম শাহজাহান ওমর বীর-উত্তমের পক্ষে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে রাজাপুর উপজেলা আওয়ামী লীগ। গত সোমবার সন্ধ্যায় দলের কার্যালয়ে এক সভায় রেজল্যুশন করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে বিষয়টি গতকাল বুধবার বিকেলে সাংবাদিকদের জানানো হয়।
২৫ নেতাকর্মীর স্বাক্ষর করা ওই রেজল্যুশনে জানানো হয়, শাহজাহান ওমর বীর-উত্তম প্রধানমন্ত্রীর কাছ থেকে নৌকা প্রতীক নিয়ে এলাকায় এলেও এখন পর্যন্ত আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ কিংবা পরিচয় হওয়ার কোনো প্রয়োজন মনে করেননি। তিনি এলাকায় এসে বিএনপি নেতাকর্মী, স্বাধীনতাবিরোধী ও তাদের সন্তানদের নিয়ে গণসংযোগ করছেন। তিনি নৌকার প্রধান নির্বাচনী কার্যালয় হিসেবে তার বিএনপির কার্যালয়টি ব্যবহার করেছেন। তিনি স্বাধীনতাবিরোধীদের নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সভায় ক্ষোভ প্রকাশ করে আরও জানানো হয়, ‘২০০১ সালে বিএনপির জনসমর্থন নিয়ে শাহজাহান ওমর সংসদ সদস্য ও পরে আইন প্রতিমন্ত্রী হয়েছিলেন। তখন তিনি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিভিন্নভাবে নির্যাতন করেছিলেন। তিনি আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের নির্বাচনের কাজে লাগাতে চান না। আমরা উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা নিরুপায় হয়ে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান এম মনিরুজ্জামান মনিরকে নিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যথাযথ প্রচার অভিযানে নেমে ঐক্যবদ্ধ থেকে কাজ করে এগিয়ে যাব।’
এ বিষয়ে জানতে শাহজাহান ওমরের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ব্যারিস্টার মিজানুর রহমান বলেন, নৌকার বিপক্ষে কাজ না করার জন্য উপজেলা আওয়ামী লীগ কর্র্তৃক রেজল্যুশন করা দলের গঠনতন্ত্র পরিপন্থী।
এ বিষয়ে রাজাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ এইচ এম খায়রুল আলম সরফরাজ বলেন, শাহজাহান ওমর বিএনপির এমপি ও মন্ত্রী থাকা অবস্থায় আওয়ামী লীগসহ অন্যান্য দলের নেতাকর্মীদের ওপর যে নির্যাতন চালিয়েছেন, তা রাজাপুরের মানুষ এখনো ভুলে যায়নি। এরপর হঠাৎ করে তিনি নৌকা মার্কা নিয়ে এলাকায় নির্বাচন করতে এলেন, অথচ দলের কোনো নেতাকর্মীদের ডাকলেন না। তিনি কার্যালয়কে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয় বানিয়ে বিএনপির সমর্থক ও স্বাধীনতাবিরোধীদের উত্তরসূরিদের নিয়ে নৌকার নির্বাচনী প্রচারণা করেছেন। তাই আমরা সাধারণ সভায় রেজল্যুশন করে সিদ্ধান্ত নিয়েছি স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনিরের পক্ষে সব নেতাকর্মী কাজ করব।’
অবশ্য গত মঙ্গলবার সকালে শাহজাহান ওমর তার সমর্থকদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান। তবে দুই উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকসহ উল্লেখযোগ্য কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না।