বাবার বিরুদ্ধে লড়ছেন মেয়ে

ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে জমে উঠেছে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। এর মাঝে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে বাবা ও মেয়ের প্রতিদ্বন্দ্বিতা করায় জেলায় সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনা।

এবার ময়মনসিংহ-৬ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী টানা পাঁচবারের সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন তার মেয়ে সেলিমা বেগম সালমা। তিনি নব্বই দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামছুন নাহার হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, এবার একই আসনে মো. মোসলেম উদ্দিন, তার ছেলে এবং মেয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান। শেষ পর্যন্ত মনোনয়ন পান মো. মোসলেম উদ্দিন। পরে ছেলে বাবার পক্ষে অবস্থান নিলেও মেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামেন।

বাবার বিপরীতে নির্বাচন করা প্রসঙ্গে সালমা বলেন, দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মীদের নিয়ে ফুলবাড়ীয়ার সাধারণ মানুষের সেবা করে আসছি। এবার আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন করেছিলাম। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। তবে এ নিয়ে বাবার সঙ্গে কোনো সমস্যা হচ্ছে না। ভোটারদের আকৃষ্ট করতে দিনরাত কাজ করছি। চেষ্টা চালাচ্ছি দলীয় নেতাকর্মী ও ভোটারদের সমর্থন পাবার।

এ বিষয়ে জানতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোসলেম উদ্দিনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। তবে আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে মোসলেম উদ্দিন দলীয় ও পারিবারিক দ্বন্দ্বের কারণে অনেকটা বেকায়দার মধ্যে রয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ পাওয়ার পর সব প্রার্থীই পুরোদমে প্রচারণা চালাচ্ছেন। এ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দলীয় প্রার্থী মো. মোসলেম উদ্দিন এমপি (নৌকা), আওয়ামী লীগ নেত্রী সেলিমা বেগম সালমা (ঈগল), সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল মালেক সরকার (ট্রাক), জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান বাবুল (লাঙ্গল), জাতীয় পার্টি নেতা (রওশন এরশাদপন্থি) ডা. খন্দকার রফিকুল ইসলাম (কেটলি), কৃষক শ্রমিক জনতা লীগের প্রিন্সিপাল আব্দুর রশিদ (গামছা)।

এদিকে মোসলেম উদ্দিন দলীয় ও পারিবারিক দ্বন্দ্বের কারণে বেকায়দায় থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মালেক সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশকে ভোটের মাঠে কাজে লাগাচ্ছেন। স্থানীয় নেতাদের অনেকেই নাম না প্রকাশের শর্তে জানান, বাবা-মেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় বেকায়দার মধ্যে রয়েছে দলীয় নেতাকর্মীরা। উপজেলাজুড়েই এ নিয়ে আলোচনা চলছে। ভোট চাইতে গিয়ে ভোটারদের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। 

স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক সরকার বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে ব্যাপক উন্নয়ন হলেও আমাদের উপজেলায় দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বর্তমান সংসদ সদস্য দলীয় ও পারিবারিক কোন্দলে জর্জরিত। তার কাছে দলের ত্যাগী নেতাকর্মীরা সবসময় অবমূল্যায়িত হয়েছে। এ কারণেই স্বতন্ত্র প্রার্থী হতে হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদুল হক সেলিম বলেন, নির্বাচনে সবারই অধিকার আছে অংশ নেওয়ার। দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ আওয়ামী লীগ সভাপতি করে দিয়েছেন। তবে যার জনপ্রিয়তা বেশি সেই নির্বাচনে জয়লাভ করবে।

উল্লেখ্য, পৌরসভাসহ ১৩টি ইউনিয়ন নিয়ে ময়মনসিংহ-৬ সংসদীয় আসন। এই আসনে মোট ভোটার রয়েছে তিন লাখ ৮৫ হাজার ৯৮৫ জন। পুরুষ ভোটার এক লাখ ৯৪ হাজার ৪৪২ ও নারী ভোটার এক লাখ ৯১ হাজার ৫৪৩ জন। এর মধ্যে দুই জন হিজড়া ভোটার রয়েছেন। এছাড়া ভোটকেন্দ্র ১২১টি ও ভোট কক্ষ রয়েছে ৮৫৭টি।