প্রধানমন্ত্রীকে রিজভী

সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আপনার সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। রাষ্ট্রশক্তি ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এ ধরনের একতরফা নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’

গতকাল সকালে রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোডে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে লিফলেট বিতরণের পর তিনি এ কথা বলেন। গতকাল রাজধানী ঢাকাসহ সারা দেশে এ-সংক্রান্ত লিফলেট বিতরণ করেছে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো।

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রশক্তি ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। ‘জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে আপনাদের প্রার্থীদের জামানত থাকবে না।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশ-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কোনো নির্বাচন নয়। এটা একটা প্রতারণা এবং জনগণের সঙ্গে তামাশা করা। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, তারা চিরকালের জন্য মীরজাফর ও দালালে পরিণত হবে।’

অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ : গতকাল রাজধানীতে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে কর্মসূচি পালন করেছে সরকারবিরোধী দলগুলো। এর মধ্যে গণসংহতি আন্দোলন বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে। গণতন্ত্র মঞ্চ বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করে। দুপুর ১২টায় বিজয়নগর দলীয় অফিসে সংবাদ সম্মেলন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

এ ছাড়া তোপখানা রোড বিএমএ ভবনের সামনে ১২-দলীয় জোট, তোপখানা রোড এলাকায় জাতীয়তাবাদী সমমনা জোট, বেলা সাড়ে ১১টায় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, একই সময়ে কারওয়ান বাজার কাঁচাবাজার-সংলগ্ন এলাকায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), প্রেস ক্লাবের সামনে বিকেল ৪টায় গণ অধিকার পরিষদ জাতীয়, বিজয়নগর পানির ট্যাংকির সামনে গণ ফোরাম ও পিপলস পার্টি, পুরানা পল্টন এলাকায় গণতান্ত্রিক বাম ঐক্য লিফলেট বিতরণ করেছে।

কারাবন্দি বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় নিন্দা : এদিকে বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, ‘নওগাঁর পতœীতলা উপজেলাধীন নজিরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিবুল মন্ডলকে বিনা কারণে গত ২৭ নভেম্বর গ্রেপ্তার করে। পুলিশি নির্যাতনে এবং কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। এ ছাড়া খুলনা জেলাধীন পাইকগাছা উপজেলা যুবদল নেতা শহিদুর রহমান শহীদকে বিনা কারণে গ্রেপ্তার করে গায়েবি মামলায় আসামি করার খবর শুনে তার বৃদ্ধ বাবা মো. ইউনুচ আলী গাজী (৭০) গত বুধবার রাত ১০টার সময় স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।’

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ২৩৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা হয়েছে ৯টি, আসামি করা হয়েছে ৮৪৬ জনের অধিক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত), আহত হয়েছে ৩০ জনের অধিক নেতাকর্মী এবং মৃত্যু হয়েছে দুজনের।’