বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে বৈঠক বসছে দিল্লিতে। যা বাংলাদেশের নাগরিকদের ভাগ্য নির্ধারণের সুযোগ বাংলাদেশের নাগরিকদের হাত থেকে ছিনিয়ে নেওয়ারই অংশ। বিষয়টি বাংলাদেশের জন্য সম্মানজনক নয়।’ গতকাল শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অতীতের তিনটি ভুয়া নির্বাচনের মতোই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিল্লির প্রকাশ্য প্রভাবে বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন। ভারতীয় কূটনীতিকরা বাংলাদেশে এসে প্রকাশ্যে শেখ হাসিনার একতরফা ডামি নির্বাচনের পক্ষে বক্তব্য রাখছেন। বিএনপিসহ অধিকাংশ দলবিহীন নির্বাচনে তারা সমর্থন দিচ্ছেন। দিল্লি থেকে বলা হচ্ছে, তারা বাংলাদেশে স্থিতিশীলতা চান। তার মানে গণতন্ত্র তাদের কাছে এখন অপাঙ্ক্তেয়।’
রিজভী অভিযোগ করে বলেন, ‘শেখ হাসিনা তার পূর্বনির্ধারিত ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে গণতান্ত্রিক বিশ্বকে বিভ্রান্ত করার কৌশল হিসেবে নাশকতা ও জঙ্গি নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা নিচ্ছে বলে নানাভাবে জানা যাচ্ছে। আমরা জানতে পেরেছি, একজন ডিআইজিকে দায়িত্ব দেওয়া হয়েছে জঙ্গি নাটক মঞ্চস্থ করার। এজন্য বিএনপি জামায়াতের কয়েকজনকে তুলে নিয়ে রাখা হয়েছে। তাদের দিয়ে জঙ্গি নাটক মঞ্চায়ন হতে পারে। পার্শবর্তী দেশের পরিকল্পনায় ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের পূর্ববর্তী সময়েরই তারা জঙ্গি নাটক করে তাদের স্বার্থসিদ্ধি করেছিল। ৭ জানুয়ারি নির্বাচনের পূর্ব মুহূর্তেও একই নীলনকশা বাস্তবায়ন করতে পারে।’
পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘আপনারা আওয়ামী লীগের কোনো নাটককে বিশ্বাস করবেন না। একতরফা সাজানো ডামি নির্বাচন নিয়ে স্বোচ্চার হোন এবং এ দেশের জনগণের একান্ত চাওয়া গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন।’
নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী বলেন, ‘নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনারদের কথাবার্তা-আচার-আচরণ রীতিমতো হাস্যকর। গণভবনের সুতোয় পুতলের মতো নাচছে ইসি। তারা প্রায়শ বিএনপিকেও হুমকি-ধমকি দিচ্ছেন। গোটা দেশের জনগণ জানে, কারা কারা এমপি হবেন সেই তালিকা হয়ে গেছে। আর নির্বাচন কমিশনাররাও ভেক ধরছেন।’
‘রুহুল কবির রিজভীর কাছে যদি তালিকা থাকে প্রকাশ করতে বলেন।’ নির্বাচন কমিশনার আনিছুর রহমানের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘কি হাস্যকর কথা। তিনি সাধু সন্ত হওয়ার অভিনয় করছেন।’
‘১৮৯৬ জন প্রার্থী এবারের নির্বাচনের ফাইনাল খেলায় অংশ নিচ্ছে। ৭০ শতাংশ মানুষ ভোট দেবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব জানেন কত পার্সেন্ট ভোট কাস্ট করবে তাও তারা গণভবনে বসে ঠিক করে রেখেছেন।
রিজভী বলেন, ‘প্রাপ্ত তথ্যনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ১৮৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সারা দেশে মামলা হয়েছে ছয়টি, আসামি করা হয়েছে ৫৫৬ জনের অধিক নেতাকর্মী (এজাহারনামীয়সহ অজ্ঞাত) এবং আহত করা হয়েছে ৩৫ জনের অধিক নেতাকর্মীকে।