নবীর রওজায় বছরে একবারের বেশি যাওয়া যাবে না

ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববিতে অবস্থিত নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরিফ জিয়ারতে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব। একজন মুসলিম বছরে নবী কারিম (সা.)-এর রওজা একবারের বেশি যেতে পারবেন না বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গালফ নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

খবরে বলা হয়, কোনো মুসলিম শেষবার ভ্রমণের ৩৬৫ দিন পর আবার নবী কারিম (সা.)-এর রওজা শরিফে যাওয়ার আবেদন করতে পারবেন। নুসুক বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে রওজা শরিফ জিয়ারতপ্রত্যাশীদের এ আবেদন করতে বলা হয়েছে। সে সঙ্গে নিশ্চিত করতে হবে যে, ভ্রমণের আবেদনকারী করোনায় আক্রান্ত নন এবং করোনা রোগীর সংস্পর্শে আসেননি।

বৈশি^ক মহামারী করোনার পর থেকে সৌদি আরব ওমরাহ ভিসা সহজ করেছে। ওমরাহ পালন দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলে দেশি-বিদেশিরা ওমরাহর জন্য ভিড় করছেন। নিয়ম অনুযায়ী হজ ও ওমরাহ পালনে আসা ওমরাহর যাত্রীরা মদিনায় নবী কারিম (সা.)-এর রওজা জিয়ারতে আসেন। তবে রওজা শরিফ জিয়ারত এবং রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের জন্য আগে থেকে অনুমিত নিতে হয়। সেই অনুমতির ক্ষেত্রে এ নতুন বিধি জারি করল সৌদি কর্র্তৃপক্ষ।

করোনার পর সৌদি আরব কর্র্তৃপক্ষ আরও সিদ্ধান্ত নিয়েছে, ইহরামের পরিধান ছাড়া কেউ মাতাফে (কাবা চত্বরে) তাওয়াফ করতে পারবে না। এর ফলে নফল তাওয়াফকারীদের মসজিদে হারামের বিভিন্ন তলায় তাওয়াফ করতে হচ্ছে। এ সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মুসলিম দেশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে, এরই মধ্যে মসজিদে নববি জিয়ারতে এক বছরের বিধিনিষেধের ঘোষণা এলো।