হাজিদের মধ্যে ৮০ ভাষায় কোরআনের ১৯ লাখ কপি বিতরণ

আপডেট : ০৪ জুন ২০২৬, ০১:৩২ এএম

পবিত্র হজ সম্পন্ন করার পর নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো হাজি। বিদায়ের এই মুহূর্তে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সৌদি বাদশাহ সালমানের বিশেষ উপহার। জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন প্রস্থান কেন্দ্রে শুরু হয়েছে পবিত্র কোরআন এবং এর অনূদিত সংস্করণ বিতরণ কার্যক্রম। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মদিনার বাদশাহ ফাহাদ কোরআন মুদ্রণ কমপ্লেক্সে মুদ্রিত ১৯ লাখ কপি কোরআন এবং এর অনূদিত সংস্করণ এ কর্মসূচির আওতায় বিতরণ করা হচ্ছে। ৮০টিরও বেশি ভাষায় প্রকাশিত এসব অনুবাদ হাজিদের নিজস্ব ভাষায় কোরআনের শিক্ষা গ্রহণে সহায়তা করবে।

মন্ত্রণালয় জানায়, আগামী কয়েক দিন দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে চব্বিশ ঘণ্টা এই বিতরণ কার্যক্রম চলবে। বিদায়ী হাজিদের জন্য উপহার বিতরণে প্রয়োজনীয় সব জনবল ও লজিস্টিক সহায়তা প্রস্তুত রাখা হয়েছে।

ইসলামবিষয়ক মন্ত্রী শায়খ আবদুল লতিফ আল আশ-শাইখ বলেন, এ উপহার বিশ্বের বিভিন্ন প্রান্তে পবিত্র কোরআনের বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সৌদি নেতৃত্বের অঙ্গীকারের প্রতিফলন। তিনি জানান, হাজিদের কাছে সহজ ও সুশৃঙ্খলভাবে কোরআন পৌঁছে দিতে মন্ত্রণালয় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

এদিকে জেদ্দা বিমানবন্দরে হজ সম্পন্নকারী হাজিদের প্রথম ফিরতি ফ্লাইটগুলোর প্রস্থান কার্যক্রম শুরু হয়েছে। সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, হজ-পরবর্তী যাত্রীচাপ সামাল দিতে স্থল, নৌ ও আকাশপথের সব প্রবেশ ও প্রস্থান কেন্দ্রে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক হাজিদের নির্ধারিত সময় অনুযায়ী ভ্রমণ সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন মানুষ হজ পালন করেছেন। এর মধ্যে ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন সৌদি আরবের বাইরে থেকে এসেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত