রিজভী বললেন

দরিদ্র ভোটারদের কেন্দ্রে নিতে হুমকি দেওয়া হচ্ছে

ভোটারদের কেন্দ্রে নিতে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আগামী ৭ জানুয়ারির আসন ভাগ-বাটোয়ারার “আমি-ডামির” ভোটের প্রহসন জমাতে পারছে না সরকার। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছে সরকার এবং তার ডামি নির্বাচন কমিশনসহ পুরো আওয়ামী চক্র। এখন তারা ভোটারদের হুমকি-ধমকি দিতে শুরু করেছেন। অভাবনীয় নরকপুরীতে পরিণত করেছে গোটা দেশকে।’

গতকাল সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘ভোটারদের ভোটকেন্দ্রে নিতে দরিদ্র মানুষের ওপর নির্যাতন চালানোর হুমকি দিচ্ছেন। বিশেষ করে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় কার্ডের মাধ্যমে সুবিধাভোগী প্রায় দুই কোটি মানুষকে টার্গেট করেছে আওয়ামী লীগ এবং স্থানীয় আওয়ামী লীগ দলীয় অনুগত প্রশাসনের কর্মকর্তারা। উপকারভোগী ও তাদের পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট কার্ড জমা নেওয়া হচ্ছে; যা ভোট প্রদান সাপেক্ষে ফেরত দেওয়া হবে। ভোটকেন্দ্রে না গেলে কার্ড বাতিলের হুমকি দেওয়া হচ্ছে। ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।’

‘নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমানের কর্মকা-ের সমালোচনা করে তিনি বলেন, ‘ইসি আনিছুরের ঔদ্ধত্য এবং হুমকি-হুংকার দেখে মনে হচ্ছে তিনি অস্তিত্ব ভুলে আওয়ামী সেবাদাসত্ব করছেন। প্রতিদিন গণভবন থেকে আসা ফরমান ঘোষণা করছেন। একতরফা পাতানো নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনরত ১৮ কোটি জনগণকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গলির গু-াদের মতো শাসাচ্ছেন। বিএনপিকে শায়েস্তা করার হুমকি দিচ্ছেন আনিছুর রহমানরা। পুলিশকে লেলিয়ে দিচ্ছেন। শেখ হাসিনার মতো বাংলাদেশের নাগরিকদের গোলাম ভাবা শুরু করেছেন।’

আনিছুর রহমানের উদ্দেশে রিজভী আরও বলেন, ‘অবৈধ নির্বাচনকে না বলার অধিকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। আপনি বাধা দেওয়ার কে? ভোটকেন্দ্রে ভোটারদের জোর করে নিয়ে যাওয়া যে অপরাধ তা আপনি জানেন না ? গত ১৫ বছর জনগণ ভোট দিতে পারেনি তার কি প্রতিকারে কোনো আইন করেছেন ? যারা ১৫ বছর ভোট দিতে দেয়নি তাদের কত বছর জেল দেবেন, সেই ঘোষণা জনগণ শুনতে চায়। যারা মৃত মানুষের ভোট দিয়েছে, ৫৭ সেকেন্ডে ৪৩ ভোট দিয়েছে তাদের কত বছরের জেল দিয়েছেন?’

তিনি অভিযোগ করে বলেন, ‘ইসির নির্দেশের পর দেশের বিভিন্ন স্থানে জনগণের মৌলিক অধিকারের দাবিতে লিফলেট বিতরণকালে শতশত নেতাকর্মীকে আটক করে নির্যাতন করছে পুলিশ। অনেক জায়গায় লিফলেট নিয়ে পড়ার অপরাধে গ্রেপ্তার করা হচ্ছে। মানিকগঞ্জে বিএনপির লিফলেট নিয়ে পড়ার কারণে শহীদ রফিক সড়কের ডলি প্লাজা মার্কেটের এক পোশাক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে প্রায় এক ঘণ্টা দোকানপাট বন্ধ রাখেন তেরি পোশাক ব্যবসায়ীরা। আওয়ামী লীগের সন্ত্রাসী, দলদাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এখন ইসি নব্য নিপীড়কের ভূমিকায় অবতীর্ন হয়েছে।’

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ১৯৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে ৮টি, আসামি করা হয়েছে ৭৮৫ জনের অধিক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত), আহত হয়েছেন ২০ জনের অধিক নেতাকর্মী এবং মৃত্যু হয়েছে একজনের।