পরমাণু অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়েছে ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের (আইএইএ) এমন দাবিকে নাকচ করল তেহরান। গতকাল বুধবার ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি এই কথা জানিয়ে বলেন, গত কয়েক মাস ধরে সমৃদ্ধকরণ শ্লথগতিতেই চলছে, যার মধ্যে এখনো ‘নতুন কিছু নেই’। গতকাল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়।
ইরানি গণমাধ্যম জানায়, মোহাম্মদ এসলামি বলেন, ‘আমরা নতুন কিছুই করছি না এবং নিয়ম অনুযায়ী আগে যা করার ছিল তাই হচ্ছে।’ এর আগে গত মঙ্গলবার আইএইএ দাবি করে, ইরান ২০২৩ সালের মাঝামাঝির পরবর্তী সময়ে উৎপাদন হ্রাসের অবস্থান থেকে সরে এসে এখন উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে।
অনেক কূটনীতিক বিশ্বাস করেন, চলতি বছরের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র বন্দিবিনিময় করে। সেই সমঝোতার আলোকে ইরান গত জুন থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে বাড়তি নজর দিয়ে থাকতে পারে।
আইএইএ বলছে, ৬০ শতাংশেরও বেশি মাত্রায় সমৃদ্ধকরণের জন্য ইরানের কাছে বর্তমানে ইউরেনিয়াম মজুদ রয়েছে। বর্তমানের চেয়ে বেশি মাত্রায় সমৃদ্ধকরণ করতে সক্ষম হলে ইরান তিনটি পরমাণু বোমা তৈরি করতে পারবে।