রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সিসিইউ-১ থেকে এর ইনচার্জ (সিনিয়র স্টাফ নার্স) বিলকিস বেগমের নেতৃত্বে ওষুধ ও সরঞ্জাম চুরির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
গতকাল বুধবার হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক মীর জামাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৬ ডিসেম্বর দেশ রূপান্তরের প্রথম পৃষ্ঠায় ‘হৃদরোগে ওষুধ চুরির রমরমা’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হলো।
কমিটির সভাপতি করা হয়েছে কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মহসীন হোসেনকে। সদস্য সচিব করা হয়েছে প্রশাসনিক কর্মকর্তা রেহানা পারভীনকে। কমিটির অন্য সদস্য হলেন উপপরিচালক ডা. সাঈদ আল মামুন। এ ছাড়া কমিটিকে সহযোগিতা করার জন্য উচ্চমান সহকারী মো. আলমগীর হোসেনকে নির্দেশ দেওয়া হয়েছে।
দেশ রূপান্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এ হাসপাতালের সিসিইউ-১-এর ইনচার্জ (সিনিয়র স্টাফ নার্স) বিলকিস বেগমের নেতৃত্বে চলছে ওষুধ ও সংশ্লিষ্ট সরঞ্জাম চুরির রমরমা কারবার। বিলকিসের প্রধান দুই সহযোগী হিসেবে রয়েছেন দুই ওয়ার্ড বয় লাভলু ও মাহফুজ। তাদের আরেক সহযোগী বহিরাগত রুবেল হাসপাতালের আউটসোর্সিং কিংবা নিয়মিত কর্মচারী না হয়েও সিসিইউতে বিলকিসের ক্ষমতার দাপটে দায়িত্ব পালন করেন। রুবেল টাকার বিনিময়ে সিসিইউতে শয্যার ব্যবস্থা করে দেন। যেসব রোগীর লাইফ সাপোর্ট প্রয়োজন হয় তাদের স্বজনদের সঙ্গে চুক্তি করে টাকার বিনিময়ে তার ব্যবস্থা করে দেন রুবেল।
এ চক্রটি রোগীদের হাসপাতাল থেকে বিনামূল্যে যে ওষুধ দেওয়ার কথা তা না দিয়ে বাইরে বিক্রি করছে। এ ছাড়া রোগীর স্বজনদের দিয়ে প্রয়োজনের অতিরিক্ত ওষুধ বাইরের ফার্মেসি থেকে কিনিয়ে নিজেরা হাতিয়ে নেয়। এমনকি এ চক্রটির সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিতে এসে মারা যাওয়া রোগীর অব্যবহৃত ওষুধও গায়েব করে দেন।