বগুড়া বিএনপির দুই নেতার অবস্থান জানতে চেয়ে রুল

বগুড়ার কাহালু উপজেলা বিএনপির ‘নিখোঁজ’ দুই নেতা আনোয়ার হোসেন ওরফে হৃদয় ও দেলোয়ার হোসেনের অবস্থান জানাতে পুলিশকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আগামী ৪ জানুয়ারির মধ্যে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট।

এ-সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

রুলে এই দুই ব্যক্তিকে কেন আদালতের সামনে উপস্থাপন করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলাম সিদ্দিকী।

দুই বিএনপি নেতার পরিবার ও রিটকারী আইনজীবীদের ভাষ্য, কাহালু উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক, স্থানীয় বীরকেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে গত ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরে দুই বিএনপি নেতার পরিবারের পক্ষে স্থানীয় থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এখন পর্যন্ত দুজনের পরিবার তাদের খোঁজ পাননি। এমনকি আইনের বিধান মেনে দুজনকে আদালতেও হাজির করা হয়নি।

ব্যারিস্টার কায়সার কামাল দেশ রূপান্তরকে বলেন, নিখোঁজদের সন্ধান না পাওয়ার পরিস্থিতিতে আনোয়ার হোসেনের ছেলে সাখাওয়াত ও দেলোয়ারের ভাতিজা নুরুন্নবী সম্প্রতি হাইকোর্টে রিট আবেদন করেন। এতে আইন সচিব, আইজিপি, র‌্যাবের মহাপরিচালক, বগুড়ার পুলিশ সুপার, ডিবি কর্মকর্তাদের বিবাদী করা হয়।