কিম জং উনের আহ্বান

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিন

যুদ্ধের প্রস্তুতি নিতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানালেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। গত বুধবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সভায় নতুন বছরের জন্য এই নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র সংঘাত বাড়াতে নজিরবিহীন কায়দায় উস্কানি দিচ্ছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সামরিক বাহিনী, অস্ত্র ও গোলাবারুদ শাখা, প্রতিরক্ষা খাত এবং পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রতি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান কিম জং উন। এ সময় উন আরও বলেন, পিয়ং ইয়ং ‘সাম্রাজ্যবাদবিরোধী স্বাধীন’ দেশগুলোকে সঙ্গে নিয়ে কৌশলগত সহযোগিতার ক্ষেত্র প্রশস্ত করতে চায়।

উত্তর কোরিয়া বর্তমানে চীনের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলে। এ ছাড়া রাশিয়ার সঙ্গে কূটনীতি ছাড়াও সামরিক সম্পর্ক জোরদার করছে বলে গুঞ্জন রয়েছে।

কিম জং উনের ওই ঘোষণার পর কোরীয় উপদ্বীপে উত্তর কোরিয়ার প্রতিপক্ষ ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইওন সুক ইয়েওল গতকাল বৃহস্পতিবার দেশের পূর্বাঞ্চলীয় সেনা অবস্থানের সম্মুখরেখা পরিদর্শন করেন। এ সময় তিনি নির্দেশ দেন, উত্তর কোরিয়ার যেকোনো প্ররোচনামূলক হামলার যথাযথ জবাব দিতে যেন দেরি না করে সেনারা।