অবৈধ বালু উত্তোলনকারী ছাত্রলীগ সভাপতিকে জরিমানা

কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিক তুহিনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে এই অর্থদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নাসরিন সুলতানা নিপা । 

এছাড়াও অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ভবিষ্যতে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি-বালু উত্তোলন করবে না মর্মে মুচলেকাও নেওয়া হয়েছে। ঘটনাস্থলে ১ টি ড্রেজার মেশিন ও প্রায় ৮হাজার ফুট পাইপ নষ্ট করে দিয়েছে প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নাসরিন সুলতানা নিপা বলেন, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করা হচ্ছে। উপজেলার অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।