লোহার তাওয়ার দাগ কীভাবে উঠাবেন

লোহার তাওয়া বা চাটুই ব্যবহার করা হয় রুটি ও পরোটা সেঁকার জন্য। সাধারণত রুটি তৈরির পর তাওয়া প্রতিদিন ধোয়া হয় না। না ধুয়ে দিনের পর দিন ব্যবহারের পর তাওয়ার মধ্যে আটা-ময়দা আর তেলের স্তর জমে জমে কালো দাগ হয়ে যায়। এই পোড়া দাগ কীভাবে তুলবেন জেনে নিন

লেবু, লবণ এবং ভিনেগার দিয়ে তাওয়া পরিষ্কার করুন। লোহার তাওয়া গরম করে তাতে লবণ ছড়িয়ে দিন। লবণ গরম হয়ে গেলে কেটে রাখা লেবু দিয়ে তাওয়া ঘষুন। অন্য একটা পাত্রে লেবুর রসের সঙ্গে সামান্য পানি আর ভিনেগার মিশিয়ে নিন। এই মিশ্রণে লেবুর টুকরো ডুবিয়ে তাওয়ায় ভালো করে ঘষুন। দাগ উঠে গেলে বাসন মাজার সাবান দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন তাওয়া একেবারে ঝকঝকে হয়ে গেছে।

এ ছাড়া লেবু এবং লবণ দিয়ে তাওয়া পরিষ্কার করুন। গ্যাসে চাটু বা তাওয়া গরম করে তাতে সামান্য পানি দিয়ে দিন। পানি গরম হলে তাওয়ায় লবণ ছড়িয়ে ঘষতে থাকুন। আঁচ অবশ্যই একেবারে কমিয়ে রাখবেন। চাটুর পোড়া দাগ কয়েক মিনিটেই চলে যাবে! বাড়িতে ব্লিচিং পাউডার থাকলে তা দিয়েও লোহার তাওয়া পরিষ্কার করতে পারেন। এক কাপ গরম পানিতে এক চা চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে ঘষে ঘষে তাওয়া পরিষ্কার করুন। এক চা চামচ বেকিং সোডার সঙ্গে একটু লবণ এবং এক চা চামচ ভিনেগার মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণে বাসন মাজার স্ক্রাবার ডুবিয়ে তাওয়া ভালো করে ঘষুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন একেবারে নতুনের মতো ঝকঝক করবে তাওয়া।