স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় জাতীয় পার্টির দুই নেতাকে অব্যাহতি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে জাতীয় পার্টির দুই নেতা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় দলের সকল পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবলু ও যুগ্ম প্রচার সম্পাদক মো. মনির হোসেন।

আজ সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মোমিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মোমিন বলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ না নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবলু ও যুগ্ম প্রচার সম্পাদক মো. মনির হোসেনকে সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। স্থায়ী অব্যাহতির জন্য জাতীয়পার্টির সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানান তিনি।