টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে জাপা মনোনীত প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির নির্বাচন থেকে সরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর ট্রাক প্রতীকে ভোট চেয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া বাজারে এক নির্বাচনী পথসভায় প্রকাশ্যে ঘোষণা দিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চান।
জানা গেছে, এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও প্রতীক বরাদ্দের পর থেকে জাপা প্রার্থী নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। তার ভূমিকা নিয়ে নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল জহিরুল ইসলাম জহির তার অবস্থান স্পষ্ট করেন। তিনি স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর নির্বাচনী পথসভায় উপস্থিত হন। পথসভায় তিনি নিজে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সিবার উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি সাহেদ আনোয়ারসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সিবার উদ্দিন, গোড়াই মা ফাতেমা স্কুল অ্যান্ড কলেজে ট্রাক প্রতীকের এজেন্টদের সভায় স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর পক্ষে জাতীয় পার্টির কাজ করার ঘোষণা দেন।
জহিরুল ইসলাম জহির জানান, তিনি এবং তার দল স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুর পক্ষে কাজ করবে। আ.লীগের সঙ্গে জাপার জোট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আ.লীগের সঙ্গে আমাদের কোনো জোট হয়নি। তাদের সঙ্গে কিছু আসনভিত্তিক সমঝোতা হয়েছে।