চুয়াডাঙ্গার দুটি আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির দুই প্রার্থী। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তারা বিষয়টি জানিয়েছেন।
তারা হলেন- চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন ও চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রবিউল ইসলাম।
দলীয় সিদ্ধান্তহীনতাকে দায়ী করে প্রার্থীরা বলেন, দলের চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচন সংক্রান্ত বিষয়ে একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন করে যাচ্ছেন। এছাড়া প্রার্থীদের সঙ্গে তেমন যোগাযোগ নেই। এজন্য আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।
তারা আরও বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছ থেকে তারা ইচ্ছামত সুবিধা নিয়ে যাচ্ছেন।এতে জাতীয় পাার্টির প্রার্থীদেরকে ভোটারদের কাছে হেয় প্রতিপন্ন ও নিন্দিত করছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাপা প্রার্থী অ্যাড. সোহরাব হোসেন বলেন, জাতীয় পার্টির ভোটারদের কোন বিধি নিষেধ নেই। তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। জাপার প্রার্থীদের ভোট বর্জনের ঘটনা নির্বাচনে কোন প্রভাব পড়বে না।