প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে আসছেন আজ বৃহস্পতিবার। নারায়ণগঞ্জে বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। তার আগমন কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে আসছেন প্রধানমন্ত্রী।
দলীয় সভাপতির আগমন কেন্দ্র করে পুরো শহরকে ব্যানার-ফেস্টুন দিয়ে নব-সাজে সজ্জিত করা হয়েছে। শহর, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জসহ পুরো জেলা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে দলে দলে জনসভায় আসার জন্য প্রস্তুত হয়ে আছেন। জনসভাস্থল এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়াম ঘিরে নিñিদ্র নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ। তাদের পূর্ণ সহযোগিতা করছেন নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনী।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল দেশ রূপান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন মানে হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তা। এসএসএফ তার নিরাপত্তা নিশ্চিত করে, তাদের সঙ্গে কাজ করছে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসন। আমাদের যেভাবে দিকনির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবেই কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গোয়েন্দারা মাঠে কাজ করছে।’
গতকাল বুধবার দুপুরে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এ কে এম শামীম ওসমান বলেন, ‘প্রথমেই কৃতজ্ঞতা জানাই গণতন্ত্র ও মানবতার মা জাতির জনকের কন্যাকে, তিনি নির্বাচনী শেষ প্রচারণার জন্য নারায়ণগঞ্জকে বেছে নিয়েছেন। এর মাধ্যমে আওয়ামী লীগের জন্ম জেলা নারায়ণগঞ্জকে আবারও মূল্যায়িত করলেন। এমনিতেও তিনি নারায়ণগঞ্জকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছেন সব সময়। নারায়ণগঞ্জের জন্য আমরা যা চেয়েছি তিনি তার চেয়েও বেশি দিয়েছেন। দুটি হাসপাতালকে মিলিয়ে মেডিকেল কলেজ চেয়েছি, তিনি আলাদা মেডিকেল কলেজ দিয়ে দিয়েছেন। গত ১০ বছরে নারায়ণগঞ্জে প্রায় ১৫ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা ও ছোট-বড় প্রকল্প দিয়েছেন। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জন্য আশীর্বাদ হয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার প্রধানমন্ত্রীর কাছে চাওয়া থাকবে মেট্রোরেল। নারায়ণগঞ্জের যানজট চিরতরে নিরসনকল্পে এই মেট্রোরেল চাইব।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বাংলাদেশের মতো নারায়ণগঞ্জের উন্নয়নের মূল রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৪ জানুয়ারি বরণ করতে সবাই প্রস্তুত। আশা করি সর্বকালের রেকর্ডভাঙা গণজোয়ার হবে ওইদিন। চাষাঢ়া থেকে পঞ্চবটি পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকা লোকে লোকারণ্য হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে সর্বশেষ ২০০৮ সালে সংসদ নির্বাচনের মাত্র ছয় দিন আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদাইরে ওসমানী স্টেডিয়ামে এসেছিলেন। বিশাল সেই জনসভায় জেলার পাঁচটি নির্বাচনী আসনে মহাজোট প্রার্থীদের পক্ষে প্রচার জনসভায় প্রধান অতিথি ছিলেন।