তফসিলি ব্যাংক শুক্র-শনি খোলা রাখার নির্দেশনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনী ব্যয় পরিশোধের সুবিধার্থে সংশ্লিষ্ট তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানানো হয়েছে।

ইসি চিঠিতে জানায়, ৭ জানুয়ারি সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগের দুদিন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির উল্লিখিত দিনে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা/কর্তৃপক্ষ কর্তৃক ভোটকেন্দ্র ও ভোটগ্রহণকারী কর্মকর্তা  তথা নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন ও আর্থিক লেনদেনের প্রয়োজন হবে। ফলে সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

ইসি আরও জানায়, যে সব ব্যাংক কর্মকর্তা/কর্মচারীকে ভোটগ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে তাদের উল্লিখিত ব্যাংকিং কাজে নিয়োজিত না করার জন্যও নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এই সিদ্ধান্ত অনুসারে সংশ্লিষ্ট তফসিলি ব্যাংক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।