তৃণমূল নেতার বাড়িতে হামলার মুখে ইডি কর্মকর্তারা 

তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পড়েছেন ভারতের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তিন কর্মকর্তা। পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালিতে গতকাল শুক্রবার কর্মকর্তারা শাহজাহানের বাড়িতে গেলে এ ঘটনা ঘটে। অভিযানে যাওয়া পাঁচ কর্মকর্তার মধ্যে আহত তিন কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং এই কারণে মাথায় পাঁচ-ছয়টি সেলাই পড়েছে।

ইডির আহত তিন কর্মকর্তা হলেন রামকুমার রাম, অঙ্কুর এবং সোমনাথ দত্ত। গতকাল সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডির আভিযানিক দল। এ সময় তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে শাহজাহানের বাড়িতে যাওয়ার চেষ্টা করলে রুখে দাঁড়ান গ্রামের অনেকে, যারা শাহজাহানের অনুসারী। রাজ্য সরকারের সাবেক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতিকান্ডে বর্তমানে কারাগারে। এ মামলায় শাহজাহানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। এর সূত্র ধরেই গতকাল শাহজাহানের খোঁজে যায় ইডি।