বিএনপি ও সমমনাদের হরতাল চট্টগ্রামে সংঘর্ষ, পুলিশের গুলি

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের কর্মসূচি সফল করার লক্ষ্যে বিএনপি ও সমমনা দলগুলোর হরতালে গতকাল রবিবার সংসদ নির্বাচনের দিন চট্টগ্রামে পুলিশে সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। ইটপাটকেল নিক্ষেপে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে।

বিএনপি ও সমমনাদের ডাকা দেশব্যাপী এই ৪৮ ঘণ্টা হরতাল শুরু হয়েছে নির্বাচনের আগের দিন শনিবার। সেদিন সন্ধ্যায় পেকুয়ায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। নারায়ণগঞ্জ, কুমিল্লা, যশোর ও গাজীপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত হরতাল চলবে। হরতালের সমর্থনে গতকাল রাজধানী ঢাকাসহ সারা দেশে মিছিল ও সমাবেশ করেছে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো। হরতালের সমর্থনে মিছিল বের করার প্রস্তুতিকালে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদারকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘গত শনিবার কক্সবাজার জেলাধীন পেকুয়া উপজেলা বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বর্বরোচিত হামলা চালিয়ে বৃষ্টির মতো গুলি ছোড়ে। পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, যুবদল নেতা জয়নাল, ছাত্রদল নেতা রিফাত, তাহিনুল করিম ও মো. সাবিকসহ বেশ কয়েকজন নেতাকর্মী। এর মধ্যে যুবদল নেতা জয়নাল ও ছাত্রদল নেতা রিফাতের অবস্থা খুবই আশঙ্কাজনক। বর্তমানে তারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। এদিকে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের বাসা লক্ষ্য করে গত শুক্রবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী অস্ত্র উঁচিয়ে গুলি করে। এ সময় বাড়িতে থাকা লোকজনরা ভয়ে আতঙ্কিত হয়ে যায়।’

তিনি দাবি করেন, গত ৪৮ ঘণ্টায় সারা দেশে বিএনপির ১৪৬ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মামলা হয়েছে ৬টি, আসামি গুলি করা হয়েছে ৫২৬ জনের বেশি নেতাকর্মীকে। আহত হয়েছেন ৪০ জনের বেশি নেতাকর্মী।

হরতাল কর্মসূচি পালনের অংশ হিসেবে গতকাল সকালে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের নিয়ে পাভেলকে আটকের বিষয়টি স্বীকার করে মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) গোলাম রুহানি গণমাধ্যমকে বলেছেন, ‘দুপুরের দিকে মতিঝিল এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল পাভেল শিকদার ও তার অনুসারীরা। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাভেলসহ কয়েকজনকে আটক করে। তাকে মতিঝিল থানায় নাশকতার মামলায় আটক করে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

হরতালের সমর্থনে রাজপথে মিছিল ও সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, সমমনা রাজনৈতিক জোট, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লেবার পার্টিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো।

আমাদের চট্টগ্রাম ব্যুরো জানায়, গতকাল হরতাল চলাকালে চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের এ সংঘর্ষ হয়। এ সময় আরাকান সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগান থেকে অন্তত ৫০০ রাউন্ড গুলি ছুড়েছে বলে ঘটনাস্থলে থাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিএনপির কেউ আটক হয়নি বলে জানা গেছে। তবে ইটের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, স্থানীয় নিমশা কলোনি থেকে হেকিম ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

পেকুয়া-কুতুবদিয়া প্রতিনিধি জানান, কক্সবাজারের পেকুয়ায় শনিবার সন্ধ্যায় ৬টার দিকে সিকদারপাড়া এলাকায় পিকেটিং করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পেকুয়া উপজেলা যুবদল সভাপতি কামরান জাদীদ মুকুটসহ চারজন গুলিবিদ্ধ হন। এর আগে বিএনপির নেতাকর্মীরা ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকসহ অন্তত ৩০টি গাড়ি ভাঙচুর করেছে। টায়ার জ¦ালিয়ে পেকুয়া আঞ্চলিক সড়ক অবরোধ করার চেষ্টা করে। পেকুয়া থানার মো. ইলিয়াছ বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আঞ্চলিক সংবাদদাতা কুমিল্লা জানান, লাকসাম উপজেলায় শনিবার রাত ১০টার দিকে দুটি ভোটকেন্দ্রের কাছে দুটি হাতে তৈরি বোমা (ককটেল) বিস্ফোরণ ঘটে। উপজেলার বাকই ইউনিয়নের কৈত্রা হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাকই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

যশোর প্রতিনিধি জানান, ভোটের আগের দিন রাত থেকে যশোর সদর-৩ আসনের বিভিন্ন কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভোটের দিনে যশোর শহরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই কেন্দ্রে দায়িত্বর আনসার সদস্য মারুফ হোসেন (১৯) আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি জানান, কাপাসিয়ায় আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল নিক্ষেপ শনিবার সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। একটি বিস্ফোরিত হলেও অন্য একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় ছিল।

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসা কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে অচেনা ব্যক্তিরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনার সময় স্থানীয় লোকজনের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পরে তাকে পুলিশে দিয়ে দেওয়া হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।