রাহুলের যাত্রার অনুষ্ঠানে মণিপুর সরকারের ‘না’

‘ভারত জোড়ো যাত্রার’ পর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রা’ মণিপুর রাজ্য থেকে শুরু করার অনুমতি পাওয়া যায়নি। কয়েক মাস ধরে সহিংসতায় জর্জরিত উত্তর-পূর্ব রাজ্যটির ক্ষমতাসীন বিজেপি সরকার সেখান থেকে যাত্রা শুরু করার আর্জি প্রত্যাখ্যান করে। এর পরিবর্তে ছোট পরিসরে আয়োজন করার প্রস্তাব দেওয়া হয়েছে কংগ্রেসকে।

কংগ্রেসের পরিকল্পনা ছিল, মণিপুরের ইম্ফল পূর্ব জেলার ‘হাপটা কাংজেইবুং’ ময়দান থেকে ভারত ন্যায় যাত্রা শুরু করবেন রাহুল গান্ধী।

কিন্তু মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সরকার নিরাপত্তা বাহিনীর সুপারিশমতে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির’ কথা তুলে ধরে কংগ্রেসের আবেদনে সাড়া না দেওয়ার কথা জানায়। একই দিনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি অনুষ্ঠানকেও কারণ হিসেবে তুলে ধরা হয়।  ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেন, বড় কর্মসূচির পরিবর্তে গুটিকয়েক উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠান আয়োজন করতে পারে কংগ্রেস।

আর মাত্র ৬ দিন রয়েছে যাত্রা কর্মসূচির। কংগ্রেসের কেন্দ্রীয় নেতা কেসি বেণুগোপাল বলেন, ‘যা-ই আসুক না কেন, আমরা যাত্রা করব।’