প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতান্ত্রিক প্রস্থানের পথ হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘সরকার একতরফা প্রতারণার নির্বাচন করে গোটা জাতিকে ধোঁকা দিয়েছে। আর জনগণ নির্বাচন বর্জন করে, প্রত্যাখ্যান করে সরকারকে লাল কার্ড দেখিয়েছে।’ গতকাল বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশান ১ নম্বর এলাকায় প্রচারপত্র বিতরণ শেষে রিজভী এসব কথা বলেন।
৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত মঙ্গলবার থেকে বিএনপি দুদিনের ‘গণসংযোগ’ কর্মসূচি পালন করছে। গতকাল বুধবার কর্মসূচি শেষ হয়। রিজভী বলেন, ‘সরকারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। জনগণ এই দুঃশাসন আর মানবে না। সরকারের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী প্রমুখ।
বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৪০ জনের অধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সারা দেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে দুটি, আসামি করা হয়েছে ১৩৫ জনের অধিক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত) এবং আহত হয়েছেন ১৫ জনের অধিক নেতাকর্মী।’
ভোটারবিহীন সংসদ অবৈধ-ফারুক : নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচি শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘গত ৭ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে যে জাতীয় সংসদ গঠন হতে যাচ্ছে তা অবৈধ। আমরা বলেছি, এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি। এই নির্বাচন সুষ্ঠু হয়নি, গ্রহণযোগ্য হয়নি। শুধু তা-ই নয়, জনগণের অংশগ্রহণবিহীন এই নির্বাচন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলোও গ্রহণ করেনি। আমরা মনে করি, এটা অবৈধ সরকারের অবৈধ সংসদ।’ এ সময় মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামায়াতের লিফলেট বিতরণ : গতকাল বুধবার সকালে নির্বাচন বাতিল ও অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা মতিঝিল, রমনা, ধানম-ি, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ডেমরা, সবুজবাগ, মুগদা, বংশাল, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, লালবাগ, গে-ারিয়া, কলাবাগান, নিউ মার্কেট, কামরাঙ্গীরচর, হাজারীবাগসহ বিভিন্ন থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ ছাড়া ঢাকা মহানগরী উত্তরের মিরপুর, ফার্মগেট, শিল্পাঞ্চল, শেওড়াপাড়াসহ বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।