নতুন মজুরি কাঠামোতে বেতন চেয়ে বিক্ষোভ

গাজীপুরের টঙ্গী ও টাঙ্গাইলের মির্জাপুরে নতুন মজুরি কাঠামোতে বেতন পরিশোধের দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল বুধবার এই বিক্ষোভের ঘটনা ঘটেছে।

দুপুরে টঙ্গীর ন্যাশনাল টিউবস রোড এলাকার এমটারনেট গ্রুপের মালিকানাধীন ‘এক্সপোর্ট ভিলেজ লিমিটেড’ ও ‘ব্রাভো ম্যানুফ্যাকচার লিমিটেডের’ শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে কারাখানা দুটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গত বছরের ৯ এপ্রিল গঠিত ন্যূনতম মজুরি বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাবি অনুযায়ী গেজেটে পোশাক শ্রমিকদের গ্রেডসংখ্যা সাত থেকে কমিয়ে পাঁচ করা হয়। গত ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর এবং জানুয়ারিতে নতুন কাঠামোয় পোশাকশ্রমিকরা বেতন পাওয়ার কথা থাকলেও কারখানা দুটির মালিক শ্রমিকদের বেতন পরিশোধ করেননি।

শ্রমিকরা জানান, কারখানা দুটির কয়েক হাজার শ্রমিক সকালে কাজে যোগ দিয়ে নতুন বেতন কাঠামোতে ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করার দাবি জানান। কিন্তু কারখানা কর্তৃপক্ষ নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন পরিশোধ করতে পারবেন না বলে জানান। পরে শ্রমিকরা দুপুরে কারখানা দুটির প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

দাবি মেনে না নিলে আজ বৃহস্পতিবার আবার বিক্ষোভের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

গাজীপুর শিল্প-পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে।

মির্জাপুরে উত্তরা স্পিনিং মিলস লিমিটেডের ৬ শতাধিক শ্রমিক দুপুর ২টার দিকে কারখানার সামনে মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় ৫ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দেওহাটা পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

কারখানার শ্রমিক শিরিন আক্তার, এনামুল, কিরণ চন্দ্র রায় ও সুজিত রায় জানান, এই কারখানায় অতিরিক্ত কাজের কোনো সুযোগ নেই। সরকারের নির্দেশে কারখানা বন্ধ থাকলেও সেই কাজ পরবর্তী সময়ে করিয়ে নেওয়া হয়। কিন্তু বাড়তি কাজের জন্য বাড়তি কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না। সরকার ১২ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণ করলেও কারখানার মালিক সেই বেতন দিচ্ছেন না।

দেওহাটা ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধের ৫০ মিনিট পর বিকেল ৩টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উত্তরা স্পিনিং মিলস লিমিটেডের প্রকল্প পরিচালক বিধান সরকার জানান, বিকেএমইএ থেকে টেক্সটাইলস শ্রমিকদের বেতন বিষয়ে নির্দেশনা না পাওয়ায় বর্ধিত বেতন দেওয়া হয়নি।