শীতের সকালে উঠে সংসারের কাজ সেরে স্বামীর মোটরসাইকেলে করে স্কুলে রওনা হয়েছিলেন জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খালেদা খানম ওরফে খুশি (৪০)। কিন্তু স্কুলযাত্রাই হলো তার শেষ যাত্রা। গতকাল বৃহস্পতিবার সকালে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন তিনি।
এদিন সড়ক দুর্ঘটনায় নাটোরের লালপুরে স্বামী-স্ত্রী, নেত্রকোনার কলমাকান্দায় এক বৃদ্ধা ও নাটোরের বড়াইগ্রামে এক যুবক নিহত হয়েছেন। নাটোরের দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
দেশ রূপান্তরের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত
জামালপুর প্রতিনিধি জানান, খালেদা খানম গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বাদেচান্দি এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত খালেদা খনমের ভাশুর শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিঠু জানান, প্রতিদিনের মতো শহর থেকে সকালে ছোট সন্তানসহ তারা মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন। তারা দুজন একই এলাকায় দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তারা বাদেচান্দি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সামনে কুকুরের বাচ্চা দৌড় দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে পেছন থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান খালেদা। পরে তাকে উদ্ধার করে নান্দিনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জামালপুর সদর থানার ওসি মো. মহব্বত কবির সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকার মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছেন।
এদিকে খালেদার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জুয়েল আশরাফ। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নাটোরের লালপুর প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে বাড়ি থেকে আজিমনগর স্টেশনে ট্রেনযোগে নওগাঁয় মৃত এক আত্মীয়কে দেখতে যাওয়ার জন্য বের হন চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)। লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর ফিলিং স্টেশনের কাছে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন তিনি। সে সময় ঈশ্বরদীগামী একটি ভটভটি (স্থানীয় বাহন) তাদের ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চান্দু মোল্লা মারা যান। স্থানীয়রা তার স্ত্রী আরবী বেগমকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর নসিমনচালক পালিয়ে গেছেন। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনা প্রতিনিধি জানান, জেলার কলমাকান্দায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় তারা বানু (৭০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার গুতুরা বাজারের রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা বানু উপজেলার গুতুরা গ্রামের মৃত সুলেমান আলীর স্ত্রী।
কলমাকান্দা থানার ওসি মো. লুৎফুল হক জানান, নিহত নারীর ছেলের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নাটোরের বড়াইগ্রাম সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ওমর ফারুক (৩২) নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল বিকেলে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চোপাকিয়া গ্রামের দরদ জামানের ছেলে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন। বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে।