নতুন সরকারের মন্ত্রী হয়েই নির্বাচন কমিশনে (ইসি) ডাক পেয়েছেন মো. ফরিদুল হক খান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন প্রকাশ্যে ভোট দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে তলব করেছে ইসি। জামালপুর-২ (ইসলামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদুল হক খানকে আগামী সোমবার নির্বাচন কমিশনে এসে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ইসি থেকে সাবেক এই ধর্ম প্রতিমন্ত্রীকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
গতকাল সন্ধ্যায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ফরিদুল হক খান। তাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
ইসির চিঠিতে বলা হয়, ‘গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন আপনি জামালপুর-২ আসনের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোটপ্রদান করেছেন, যা বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়) ছবিসহ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশ্যে ভোটপ্রদান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৮৩ অনুচ্ছেদের বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনী অপরাধ।
উল্লেখিত অপরাধ সংঘটনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী সোমবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে (নির্বাচন ভবন, কক্ষ নং-৩১৪) ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখিত তারিখে যথাসময় উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেছে ইসি।’