নতুন সরকারের সামনে রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক -এ তিনটি চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন সদস্য সরকার গঠন করা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে নতুন সরকারের প্রস্তুতি বিষয়ে তিনি বলেন, আমরা মন্ত্রিপরিষদ বৈঠক করব, যার যার দপ্তরে কাজ করব। বিশেষ করে আমাদের ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়নই আমাদের মূল টার্গেট।’
গতকাল শুক্রবার ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদনের আগে ওবায়দুল কাদের গণমাধ্যমকে এসব কথা বলেন। খবর বাসস।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। গত বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছেন।
ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আমাদের একটা বিশ্বাস আছে, আজ যে এই সংকট অতিক্রম করে একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি, এটা জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের জন্য সম্ভব হয়েছে। বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে দক্ষতা দূরদর্শিতার পরিচয় দিয়েছেন সে কারণেই মূলত আমরা সাহস রাখি, আশা রাখি। তিনি আমাদের আশার বাতিঘর, আমাদের স্বপ্নের সাহসী ঠিকানা।’
সেতুমন্ত্রী বলেন, ‘আমার বিশ্বাস শেখ হাসিনার মতো নেতৃত্ব যে দেশে আছে, সে দেশ এগিয়ে যাবে। স্মার্ট বাংলাদেশ আমাদের লক্ষ্য।’
তিনি বলেন, ‘আমাদের দেশের চলার পথ কখনো পুষ্প বিছানো ছিল না, আমাদের চলার পথ জন্ম থেকে এ পর্যন্ত কণ্টকাকীর্ণই ছিল। কাজেই এই পথ আমরা অতিক্রম করে, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।’