গোলরিজ ঘাহরামান। নিউজিল্যান্ড পার্লামেন্টের সদ্য সাবেক সদস্য। দেশটির গ্রিন পার্টির ৪২ বছর বয়সী ইরানি বংশোদ্ভূত এই নারী রাজনীতিবিদ ‘চুরির’ অপবাদের মুখে গতকাল মঙ্গলবার পদত্যাগ করেছেন। দেশটির অকল্যান্ড ও ওয়েলিংটনের তিনটি দোকান থেকে জিনিসপত্র ‘চুরির’ অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এর মধ্যে অকল্যান্ডের একটি বুটিক শোরুম থেকে একটি হ্যান্ডব্যাগ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই পার্লামেন্ট ও দলের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন একসময় জাতিসংঘের মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করা গোলরিজ ঘাহরামান। অবশ্য গ্রিন পার্টি সবসময় তার পাশে থাকার ঘোষণা দিয়েছে। দলটির এক শীর্ষ নেতা বলেছেন, ২০১৭ সালে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে লাগাতারভাবে গোলরিজকে চাপে রাখা হয়েছে। নানা সময়ে তাকে যৌন হয়রানি, শারীরিকভাবে হেনস্তার পাশাপাশি বিরূপ মন্তব্যের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। একাধিক দফায় তাকে দেওয়া হয়েছে হত্যার হুমকি। এসব কারণেই তার কিছু মানসিক সমস্যা দেখা দেয়; যা তাকে ‘ক্লিপটোম্যানিয়ায় (চুরি করার বাতিক) আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
বিবিসি বলছে, গ্রিন পার্টির সদস্য ৪২ বছর বয়সী গোলরিজ ঘাহরামান অকল্যান্ডের একটি বুটিক শোরুম থেকে ডিজাইনার হ্যান্ডব্যাগ চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে মঙ্গলবার পদত্যাগ করেন। যদিও তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি। তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
পদত্যাগের বিষয়ে ঘাহরামান এক বিবৃতিতে বলেছেন, তার এ ধরনের কাজ নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে জনগণের প্রত্যাশার বিপরীত। তিনি বলেন, এটি এমন একটি আচরণ, যা আমি ব্যাখ্যা করতে পারি না। এটি কোনোভাবেই যুক্তিসংগত নয় এবং আমি কোনো অজুহাত দিতে চাই না। আমি অনেক লোককে হতাশ করেছি এবং আমি খুব দুঃখিত, এ ধরনের কাজ সম্পূর্ণরূপে আমার চরিত্রের বাইরে।
তবে বিবৃতিতে আলোচিত এ আইনপ্রণেতা বলেন, এ ঘটনারগুলো নিয়ে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তখন তিনি বুঝতে পেরেছেন যে, মানসিকভাবে তিনি সুস্থ নন। গোলরিজ ঘাহরামান দাবি করেন, মানসিক রোগ বিশেষজ্ঞরা তাকে জানিয়েছেন, সম্প্রতি তার কিছু আচরণ আসলে তীব্র মাত্রার মানসিক চাপের ফল।
গোলরিজ ঘাহরামানের এমন দাবি পক্ষে সাফাই গেয়েছেন তার দল গ্রিন পার্টির সহসভাপতি জেমস শ। তিনি বলেছেন, ঘাহরামান পার্লামেন্টে নির্বাচিত হওয়ার দিন থেকেই যৌন সহিংসতা, শারীরিক সহিংসতা, মৃত্যুর হুমকির সম্মুখীন ছিলেন। এমন পরিস্থিতিতে এ ধরনের ভুল হতে পারে।
দলটির আরও এক নেতা মারামা ডেভিডসন বলেছেন, এটা স্পষ্ট তিনি কষ্টের মধ্যে ছিলেন। সব মিলিয়ে তাকে পদত্যাগ করতে হয়েছে। তবে ঘাহরামান পদত্যাগ করেছেন ঠিক কিন্তু প্রতি দলের সমর্থন অব্যাহত থাকবে।
এদিকে যুক্তরাষ্ট্রের সংবাদ ফার্স্ট পোস্ট ঘাহরামানের এ ঘটনা নিয়ে বিশেষ একটি প্রতিবেদন ছেপেছে। সংবাদমাধ্যটি বেশ কয়েকজন মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে ‘মানসিক চাপ ক্লিপটোম্যানিয়ায় আক্রান্ত হওয়ার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রাখে’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে সংবাদমাধ্যমটি বলতে চেয়েছে ‘মানসিক চাপ’ ক্লিপটোম্যানিয়ার বিশেষ প্রভাবক।
মানসিক এ রোগটি নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের এনজিও ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর শপলিফটিং প্রিভেনশনের (এনএএসপি) বরাতে সংবাদমাধ্যমটি বলছে, ঘাহরামানের ক্ষেত্রে যেটি ঘটেছে, অনেকের ক্ষেত্রেই সেটা হয়। অনেকে খাবার বা পানীয়ও দোকানিকে না বলে নিয়ে নেন। এটার অন্যতম কারণ আসলে বিরক্তি ও মানসিক চাপ।
অনেকে বলছে, গোলরিজ ঘাহরামান আসলে তারা সরব ইসরায়েলবিরোধী অবস্থানের কারণেই এমন পরিস্থিতিতে পড়েছেন। তার মানসিক সমস্যাকে অপরাধ হিসেবে সামনে নিয়ে আসা হয়েছে। সারা জীবন বর্ণবিদ্বেষের শিকার হওয়া ঘাহরামান আবারও রোষানলে পড়লেন।
জাতিসংঘের সাবেক মানবাধিকার আইনজীবী ঘাহরামান নিউজিল্যান্ডের পার্লামেন্ট প্রথম শরণার্থী সদস্য হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন। গেল শতকের আশির দশকে পরিবারের সঙ্গে ইরান থেকে নিউজিল্যান্ডে পাড়ি জমান তিনি।