করোনা শনাক্ত আরও বেড়ে ৬% ছাড়াল

দেশে করোনা শনাক্তের হার ৬ শতাংশ ছাড়িয়ে গেছে। টানা তিন দিন শনাক্তের হার ৫ শতাংশের ঘরে ছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা পর্যন্ত) পরীক্ষা অনুপাতে রোগী শনাক্তের হার ৬ দশমিক ২১ শতাংশে পৌঁছেছে।

এর আগে এর চেয়ে বেশি শনাক্তের হার ৭ শতাংশ ছিল গত ১২ জানুয়ারি। তার আগের দিন শনাক্তের হার ছিল আরও বেশি, ১০ শতাংশ। এ মাসের শুরুর দিন শনাক্তের হার ছিল ৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৩২২টি নমুনা পরীক্ষা করে ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এ মাসের গত ১৭ দিনে ৩৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছে দুজন।

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজন মারা গেছে। তাদের একজনের ঢাকায় ও অন্যজনের ঢাকার বাইরের। এ নিয়ে এ বছর এখনো পর্যন্ত ১০ জন মারা গেল। মৃতদের মধ্যে সাতজন নারী, যা মোট মৃত্যুর ৭০ শতাংশ এবং তিনজন পুরুষ, যা মোট মৃত্যুর ৩০ শতাংশ। অথচ এখনো মোট রোগীর বেশির ভাগই পুরুষ, ৬৬ শতাংশ ও নারী ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছে ২০ জন, যা দিনের মোট ভর্তি রোগীর ৮৭ শতাংশ এবং তিনজন ভর্তি হয়েছে ঢাকায়।

এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ঢাকার বাইরে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৮ জন ও ঢাকায় ২৭৮ জন। এ বছর মৃত্যুহার ১ দশমিক ৩ শতাংশ। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন রোগী ভর্তি আছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ৭১ জন ও ঢাকার বাইরে ৯৪ জন।