এখন কাকে নিয়ে বিএনপি খেলবে প্রশ্ন কাদেরের

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসও নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। এখন কাকে নিয়ে বিএনপি খেলবে, সেই প্রশ্ন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গতকাল বুধবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় দলটির সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

মহানগর ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের এই যৌথ সভায় ওবায়দুল কাদের বলেন, ‘যাকে নিয়ে আপনারা (বিএনপি) আমাদের কত রঙ্গ দেখালেন, সেই পিটার হাস সাহেব, তিনি অভিনন্দন জানিয়েছেন। এখন কাকে নিয়ে খেলবেন? কাকে নিয়ে আর এটা করবেন, ওটা করবেন? এখন স্বপ্ন দেখছেন কখন বিশাল নিষেধাজ্ঞা, কখন ভিসানীতি প্রয়োগ হবে, কখন নিষেধাজ্ঞা আসবে। রোজ কেয়ামত পর্যন্ত অপেক্ষা করুন, ধৈর্য ধরুন।’

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা বলেছেন।

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন পাতানো ছিল না। নামিদামি দেশ পর্যবেক্ষণ করেছে। এমনকি নির্বাচনের পর বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ভালো নির্বাচন প্রক্রিয়া চালু করেছেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা নতুন দৃষ্টান্ত রেখে গেছেন। এই দেশে সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনার অধীনেই সম্ভব।’

তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। বিরোধী দল নির্বাচন বয়কট করায় নতুন রণকৌশল নিতে হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য বড় অংশ। জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে রণকৌশল নিতে হয়েছে, যার সোনালি ফসল ঘরে তুলেছি। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।’

বিএনপির সঙ্গে সাধারণ মানুষ নেই দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যে দলের মধ্যে গণতন্ত্র নেই সেই দল কীভাবে দেশের মানুষকে গণতন্ত্র দেবে। এই বিএনপি তাদের সাত ধারা বাতিল করেছিল। এই বিএনপি অসুস্থ খালেদা জিয়াকে বাদ দিয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নেতা বানিয়েছে। দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাতে বিএনপি তাদের সাত ধারা বাতিল করেছে।’

সভায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহাবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ডা. দীপু মনি প্রমুখ উপস্থিত ছিলেন।