এবার পশ্চিম তীরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০

এবার পশ্চিম তীরেও বিমান হামলা চালাল ইসরায়েল। এতে কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল বুধবার তুলকারেম ও বালাতা শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আবার ইয়েমেনের হুতিরা লোহিত সাগর অঞ্চলে মার্কিন জাহাজে হামলা চালালে পাল্টা হামলা চালায় ওয়াশিংটনের সেনারা।

গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলার কারণে তুলকারেম শরণার্থী শিবিরে পাঁচজন নিহত হয়। জায়গাটিকে ঘিরে রেখে বিমান হামলা চালানো হয়। এ ছাড়া নাবলুস শহরের পূর্ব দিকে বালাতা শিবিরের কাছে আলাদা হামলায় পাঁচজন নিহত হয়। এসব যোদ্ধারা আল আকসা মার্টায়ারস ব্রিগেডসের সদস্য। এটি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর সশস্ত্র শাখা।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে ৩৬৫ জন নিহত হয়েছে। আবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ২৪ হাজার ৬২০ জন ফিলিস্তিনি।

নভেম্বর থেকে হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ নিয়ে ইসরায়েলের জাহাজে হামলা চালিয়ে আসছে। এর ফলে লোহিত সাগরের জলপথে এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যের গতি ধীর হয়ে পড়েছে। এর ধারাবাহিকতায় গত বুধবার তারা যুক্তরাষ্ট্রের মালবাহী জাহাজ জেঙ্কো পিকার্ডিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

শিপিং অপারেটর জেঙ্কো জানিয়েছে, এডেন উপসাগর দিয়ে যাওয়ার সময় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং এর ফলে জাহাজটির কিছুটা ক্ষতি হয়। হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে তারা।

এর কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তারা হুতিদের ১৪টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য হুমকি ছিল।