ত্বকের যত্নে টমেটো

তৈলাক্ত বা ব্রণজনিত ত্বক থাকে সে ক্ষেত্রে বেশ ভোগান্তি হতে পারে। কারণ এটি ত্বকের সামগ্রিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। অন্যদিকে তৈলাক্ত ত্বকে মেকআপও করা যায় না। টমেটো এই সমস্যার বিরুদ্ধে লড়াই করতে পারে।

টমেটোকে শীতকালীন সবজি বলা হলেও এখন সারা বছরই পাওয়া যায়। এটি শুধু খাওয়া যায় তা-ই নয়, ত্বকের যত্নেও ব্যবহৃত হয়। ত্বক বিশেষজ্ঞরা বলেন, টমেটোতে থাকা ভিটামিন এ এবং সি ত্বকের যত্নে খুবই উপকারী। এ ছাড়াও প্রতিদিনের ত্বক পরিচর্যায় টমেটো ব্যবহারে রয়েছে বেশ কিছু উপকার। এটা কেবল ত্বক উজ্জ্বলই রাখে না, পাশাপাশি ত্বক সুস্থ, সুন্দর ও মসৃণ রাখতেও সাহায্য করে। টমেটো সাধারণত সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত। তবে এটি ব্যবহারে কারও কারও ত্বকে অস্বস্তি হতে পারে। এমন হলে টমেটো ব্যবহারে বিরত থাকাই ভালো। আসুন জেনে নিই টমেটো ব্যবহারের কয়েকটি উপকারী দিক।

ত্বকের মৃত কোষ

আপনি যদি শহরের বাসিন্দা হন তাহলে প্রতিবার ঘর থেকে বেরোবার পর আপনার ত্বক প্রচুর ময়লা ও তেল শোষণ করে। এতে ত্বক অমসৃণ হয়ে যায় এবং ময়লাগুলো লোমকূপ আটকে দেয়। তবে শুধু নিয়মিত পরিষ্কার করলেই এটি থেকে মুক্তি পাওয়া সহজ নয়। সে ক্ষেত্রে আপনার ত্বককে সঠিকভাবে এক্সফোলিয়েট করতে হবে। এ ক্ষেত্রে টমেটোর ব্যবহার ত্বকের মৃত কোষ থেকে মুক্তি পেতে সহায়তা করে।

তৈলাক্তভাব কমায়

টমেটো ত্বকের তৈলাক্তভাব কমায়। সম্ভবত এটিই এর সবচেয়ে বড় উপকারিতা। কারও যদি তৈলাক্ত বা ব্রণজনিত ত্বক থাকে সে ক্ষেত্রে বেশ ভোগান্তি হতে পারে। কারণ এটি ত্বকের সামগ্রিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। অন্যদিকে তৈলাক্ত ত্বকে মেকআপও করা যায় না। টমেটো এই সমস্যার বিরুদ্ধে লড়াই করতে পারে। এটি ত্বক থেকে তেলের পরিমাণ কমাতে দুর্দান্ত কাজ করে। একটি টমেটো দুই ভাগে কেটে এক টুকরা আপনার মুখে ভালোভাবে ঘষুন। এরপর একটি মসৃণ এবং তেলমুক্ত ত্বক পেতে ১০-১৫ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ব্রণ প্রতিরোধ

ব্রণের সমস্যা সব বয়সের মানুষের ত্বকেই দেখা যায়। এটি সাধারণত ময়লা বা ত্বকে আটকে থাকা ব্যাকটেরিয়া বা লোমকূপে তেল আটকে যাওয়ার কারণে ঘটে। ব্রণের কারণে ত্বকে ব্রেকআউট হয়, তার ওপর যদি আপনার মধ্যে ব্রণগুলো পপ করার প্রবণতা থাকে তাহলে আরও বেশি সমস্যা দেখা দেয়। টমেটো ব্রণ দূর করতে খুব ভালো কাজ করে। এর ভিটামিন এ, সি, কে এবং অ্যাসিডিক উপাদান ব্রণ কমাতে সাহায্য করে। টমেটোর ভেতরের অংশ মুখে লাগিয়ে রেখে ১০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন, ভালো ফল পাওয়া যাবে।

লোমকূপ সংকুচিত করে

লোমকূপ বড় হয়ে গেলে ত্বকে সহজেই ময়লা বা জীবাণু প্রবেশ করে। আর এর থেকে ব্রণসহ নানা সমস্যার সৃষ্টি হয়। লোমকূপ সঙ্কুচিত করতে টমেটো বেশ উপকারী। ১ টেবিল চামচ টমেটোর রস নিয়ে তাতে লেবুর রস ২ থেকে ৪ ফোঁটা দিয়ে মিক্সড করে নিন। এবার তুলা দিয়ে সার্কুলেশন মোশনে ম্যাসাজ করে ১৫ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন একবার এভাবে করতে থাকলে লোমকূপ সঙ্কুচিত হয়ে আসবে এবং ব্রণসহ নানা সমস্যা দূরে রাখবে।

ত্বক উজ্জ্বল করে

প্রত্যেকেই ঝলমলে, তারুণ্যদীপ্ত ত্বক চায়। অবশ্য এটি অর্জন করা কখনো কখনো প্রায় অসম্ভব বলে মনে হয়। মুখে টমেটো ব্যবহার কোলাজেন উৎপাদনে সহায়তা করে। কোলাজেন এমন একটি প্রোটিন, যা ত্বকে কাঠামো দেয়। এটি আপনার ত্বককে একটি পরিষ্কার টেক্সচার দেয় এবং বয়সের সঙ্গে সঙ্গে ত্বককে নরম এবং ঝলমলে রাখে।

ত্বকের সংবেদনশীলতা কমায়

অনেকের ত্বক অত্যন্ত সংবেদনশীল থাকে। এ কারণে ত্বকে মেকআপ বা স্কিন কেয়ার প্রোডাক্টস নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে। সাধারণত প্রোডাক্টের মধ্যে থাকা কোনো একটি উপাদানের কারণেই ত্বকে অস্বস্তি হয়। এ কারণে জ্বালাপোড়া, চুলকানি হতে পারে। টমেটোতে বেশ কয়েকটি অ্যান্টি-ইনফ্ল্যামেটরি যৌগ রয়েছে, যেমন বিটা ক্যারোটিন, লুটিন, ভিটামিন সি এবং ই, যা ত্বককে শীতল করতে সহায়তা করে।