কয়েক পদের রামেন

রেসিপি দিয়েছেন : ফারজানা রহমান তানিয়া

কোরিয়ান স্পাইসি শ্রিম্প রামেন

উপকরণ

স্পাইসি কোরিয়ার রামেন প্যাকেট ২টি, চিংড়ি পেস্ট ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, চিলি ওয়েল ৩ টেবিল চামচ, কালো গোল মরিচের গুঁড়া আধা চামচ, লবণ ১ চা চামচ, রসুন কুচি দেড় চা চামচ, আদা কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, চিলি ফ্লেক্স আধা চা চামচ, লাইট সয়াসস ২ টেবিল চামচ, পানি দেড় লিটার, চিনি আধা চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, চিংড়ি মাছ ৪টি, বাঁধাকপি ৪০ গ্রাম, পালং শাক ৭টি,  পেঁয়াজ পাতা কুচি ২ টেবিল চামচ, সিজিনিং (চিলি ফ্লেক্স ও ভাজা সাদা তিল) ১ টেবিল চামচ, ডিম ২টি।

যেভাবে তৈরি করবেন

১. চিংড়ি মাছ পরিষ্কার করে অল্প লবণ ও কালো গোল মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করে নিন।

২. পাত্রে চিলি অয়েল গরম করে তারপর চিংড়ি মাছ ৫ মিনিট এপিট-ওপিট করে ভাজুন।

৩. ভাজা চিংড়ি মাছের তেলে রসুন কুচি, আদা কুচি দিয়ে হালকা ভেজে পেঁয়াজ কলি কুচি, চিলি ফ্লেক্স, চিংড়ি পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে চিংড়ি মাছ দিন।

৪. এরপর পানি, লাইট সয়াসস, রামেনের প্যাকেটের সসগুলো দিয়ে দিন। পানির মিশ্রণ যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন মিশ্রণটিতে চিনি, লবণ, লেবুর রস ও রামেন প্যাকেটের সিজনিং মিশান। তৈরি হয়ে গেল স্পাইসি ব্রথ।

৫. অন্যপাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি, লবণ দিন। ফুটে উঠলে পালং শাক ১ মিনিট সেদ্ধ করে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখুন।

৬. রামেনের প্যাকেটের নুডলসগুলো প্যাকেটের নির্দেশ মতো সেদ্ধ করে নিন।

৭. ডিমগুলো তেলে লবণ দিয়ে ভাজুন।

রামেন পরিবেশনের নিয়ম

পরিবেশনের পাত্রে সেদ্ধ করা নুডলস দিয়ে এরপর ব্রথ পরিমাণ মতো নিন। যাতে করে নুডলসের বেশিরভাগ অংশ ডুবে থাকে। এরপর টপিংয়ের উপকরণগুলো দিয়ে রামেন সাজিয়ে নিন। যেমন : চিংড়ি মাছ ভাজা, ডিম পোচ, পেঁয়াজ পাতা কুচি, পালং শাক, বাঁধাকপি কুচি, সিজনিং (চিলি ফ্লেক্স ও সাদা তিল)।

স্পাইসি বিফ

সসেজ রামেন

উপকরণ

বিফ সসেজ সøাইস করা ৬ পিস, লবণ ১ চা চামচ, কালো গোল মরিচের গুঁড়া সিকি চা চামচ, ওরিগেনো সিকি চা চামচ, পেঁয়াজ কলি কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ পাতা টুকরো করা ৪ টেবিল চামচ, বিন স্প্রাউট ৬০ গ্রাম, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, ডিম ২টি, ভিনেগার ১ টেবিল চামচ, লবণ আধা চা চামচ, পানি ৫০০ মি. লিটার, বাটার ১০ গ্রাম, সয়াবিন তেল ১ টেবিল চামচ, রামেন  নুডলস ২ প্যাকেট।

যেভাবে তৈরি করবেন

১. সসেজ পাতলা করে সøাইস করে নিন।

২. পাত্রে তেল ও বাটার একসঙ্গে গলিয়ে সসেজ ওরিগেনো লবণ, কালো গোল মরিচের গুঁড়া দিয়ে ভাজুন। ভাজা থেকে অল্প কিছু তুলে রাখুন।

৩. বাকি সসেজের সঙ্গে রসুন কুচি, পেঁয়াজ কলি কুচি, লাল শুকনো মরিচের গুঁড়া সব কষিয়ে পানি দিন। ফুটতে শুরু করলে নুডলস সেদ্ধ করুন প্যাকেটের নির্দেশাবলি অনুযায়ী।

৪. অন্য পাত্রে পানি নিন একটি ডিম যাতে ডুবে যায় এমন পরিমাণে। এর মধ্যে ভিনেগার ও লবণ দিন। ডিম দিয়ে সেদ্ধ করুন ৪ মিনিটের মতো। সেদ্ধ হয়ে গেলে তুলে রাখুন।

৫. পরিবেশনের পাত্রে নুডলস ব্রথ পরিমাণ মতো একটি বাটিতে নিন। এরপর টপিংয়ের উপকরণ বিফ সসেজ সøাইস, ডিম পোচ, পেঁয়াজ পাতার কুচি, বিন স্প্রাউট দিয়ে পরিবেশন করুন।

জাপানি ভেজিটেবল রামেন

উপকরণ : চিকেন স্টক কিউব ১টি, পানি ৪ কাপ, সয়াবিন তেল ১ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, আদা কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, চিলি অয়েল ২ টেবিল চামচ, লবণ ১ টেবিল চামচ, লাইট সয়াসস ১ টেবিল চামচ, ফিশ সস ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, রামেন নুডলস ২ প্যাকেট, ডিম ২টি, চিলি ফ্লেক্স ১ চা চামচ, বাটন মাশরুম সøাইস সিকি কাপ, ব্রকলি ফুল ৩টি, সুইট কর্ন ৪০ গ্রাম, কেবেজ পাতা ২টি, বিন স্প্রাউট ৪০ গ্রাম, বার্ড আই মরিচ কুচি ১ টেবিল চামচ, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ পাতা কুচি ২ টেবিল চামচ।

 যেভাবে তৈরি করবেন

১. পাত্রে সয়াবিন তেল গরম করে এর মধ্যে রসুন কুচি, আদা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে চিলি ফ্লেক্স দিন। এরপর মাশরুম সøাইস দিয়ে ৫ মিনিট ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখুন। অবশিষ্ট ভাজা মসলা দিয়ে পানি ও চিকেন স্টক কিউব।

২. এরপর লাইট সয়াসস, ফিশ সস, চিনি, লবণ ও লেবুর রস দিয়ে ভালো করে ১২-১৫ মিনিট সেদ্ধ করে ব্রথ তৈরি করে নিন।

৩.  অন্য পাত্রে জাপানিস সাদা রামেন সেদ্ধ করে নিন প্যাকেটে দেওয়া নির্দেশ মতো। নুডলস সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখুন।

৪. অন্য পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে এর মধ্যে লবণ, কেবেজ পাতা ও ১ মিনিট সেদ্ধ করে ঠান্ডা পানিতে রাখুন। একই ভাবে বিন স্প্রাউট ২ মিনিট,  ব্রকলি ২ মিনিট, সুইট কর্ন ৭ মিনিট সেদ্ধ করে ঠান্ডা পানিতে রাখুন। এতে রঙ এবং কচকচে ভাবটা ঠিক থাকবে সবজিগুলোর।

৫. অন্য পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি, ডিম ও লবণ দিয়ে ৫ মিনিট সেদ্ধ করে নিন।

৬. পরিবেশনের পাত্রে নুডলস, ব্রথ পরিমাণ মতো নিন। টপিং হিসেবে ব্রকলি, বিন স্প্রাউট, মাশরুম, সুইট কর্ন, কেবেজ পাতা, ডিম, পেঁয়াজ পাতা কুচি, বার্ড আই মরিচ কুচি ও ধনে পাতা সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

কোরিয়ান চিকেন রামেন উইথ ইনস্টান্ট নুডলস

উপকরণ : চিকেন ব্রেস্ট ২০০ গ্রাম,  আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, কালো গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, ডার্ক সয়াসস ১ চা চামচ, চিকেন স্টকের কিউব ১টি, চিলি অয়েল ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, ডার্ক সয়াসস ১ টেবিল চামচ, সয়াবিন তেল ১ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, আদা কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, পানি ৪ কাপ, চিলি ফ্লেক্স ১ চা চামচ, ডার্ক সয়াসস ১ চা চামচ, ফিশ সয়াসস ১ চা চামচ,  লেবুর রস ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, ইনস্টান্ট নুডলস ২ প্যাকেট, বাটন মাশরুম টুকরা করা আধা কাপ, ব্রকলি ফুল ৩টি, গাজর পাতলা করে কাটা ২০ গ্রাম, ধনেপাতা ২ টেবিল চামচ, পেঁয়াজ পাতা ১ টেবিল চামচ, ভাজা সাদা তিল ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. চিকেন ব্রেস্ট আদা বাটা, রসুন বাটা, কালো গোল মরিচের গুঁড়া, ১ চা চামচ ডার্ক সয়াসস দিয়ে মেরিনেট করে ১৫ মিনিটের জন্য।

২. পাত্রে চিলি অয়েল গরম করে বাটন মাশরুম লবণ, ১ টেবিল চামচ ডার্ক সয়াসস দিয়ে ভাজুন।

৩. একই তেলে মেরিনেট করা চিকেন ব্রেস্ট ভেজে নিন ৫ মিনিট এপিট ওপিট করে।

৪. অন্য পাত্রে ১ টেবিল চামচ সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি ভাজুন। এরপর পানি দিয়ে চিলি ফ্লেক্স,  ডার্ক সয়াসস,  ফিশ সস, চিলি সস, লেবুর রস ও চিনি দিন। এরপর ৫ মিনিট সেদ্ধ করলে তৈরি হবে চিকেন ব্রথ।

৫. শেষে ব্রথে যোগ করব ইনস্টান্ট নুডলস এবং সেদ্ধ করব প্যাকেটের নির্দেশ অনুযায়ী।

৬. অন্য পাত্রে পানি ও লবণ ফুটে উঠলে কেটে রাখা ব্রকলি দিয়ে ১ মিনিট সেদ্ধ করুন।

৭. পাত্রে নুডলস ও ব্রথ ঢেলে ওপরে টপিং হিসেবে ভাজা টুকরো করা চিকেন ব্রেস্ট, ভাজা মাশরুম, ব্রকলি, পেঁয়াজ পাতা, ধনে পাতা এবং সব শেষে সাদা তিল ভাজা রামেনের ওপর ছিটিয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন।