কম্বল বিতরণকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মেয়র

নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু মারা গেছেন। গত শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।

পরিবারের সদস্যরা জানান, ইলিয়াস হোসেন বাবলু শুক্রবার দিনভর পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রান্তিক মানুষের খোঁজখবর নেন এবং কম্বল বিতরণ করেন। রাতে পৌরসভার সতীঘাট এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করেন। এ সময় কনকনে ঠা-ায় কাঁপছিলেন তিনি। সেখানকার কার্যক্রম শেষে গাড়িতে ওঠার সময় মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেয়র ইলিয়াসের মৃত্যুর খবরে হাসপাতালে ভিড় করেন পৌর কর্র্তৃপক্ষ, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, স্বজন, শুভাকাক্সক্ষীসহ অগণিত মানুষ। শোকের ছায়া নেমে আসে গোটা শহরে। মেয়রের পৌর শহরের বাসস্ট্যান্ড মহল্লার বাড়িতে তাকে দেখতে আসেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

ইলিয়াস হোসেন বাবলু তৃণমূল থেকে উঠে আসেন আওয়ামী লীগের রাজনীতিতে। তিনি উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছিলেন। ইলিয়াস হোসেন বাবুল জলঢাকা বণিক সমিতি ও জলঢাকা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, নীলফামারী জেলা বাস মালিক গ্রুপের সহসভাপতি ছিলেন। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও ধর্মীয় সংগঠনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল শনিবার বেলা আড়াইটায় জলঢাকা শেখ রাসেল স্টেডিয়াম চত্বরে প্রথম জানাজা ও বাদ আসর উত্তর কাজিরহাট গ্রামের পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে ইলিয়াস হোসেন বাবলুর দাফন সম্পন্ন হয়।

ইলিয়াস হোসেন বাবলুর একান্ত সহকারী মুকুল হোসেন বলেন, ‘শুক্রবার জুমার নামাজের পর মেয়র সাহেব একটু অসুস্থ বোধ করছিলেন। বিশ্রাম নেওয়ার পর সুস্থ বোধ করায় তিনি কম্বল ও শুকনা খাবার নিয়ে রাতে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের সতীঘাট মহল্লায় যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। সেখানে অসহায় পরিবারের মাঝে কম্বল ও শুকনা খাবার বিতরণের সময় পুনরায় অসুস্থ বোধ করেন। এ সময় ঠান্ডায় তার শরীর কাঁপছিল। ওই অবস্থায় বিতরণ শেষে হাসপাতালে যাওয়ার জন্য গাড়িতে ওঠার সময় মাটিতে লুটিয়ে পড়েন।’

ইলিয়াস হোসেন বাবুলের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এবং পৌর মেয়রদের সংগঠন মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) সভাপতি নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদসহ অনেকে।