শীতের তীব্রতা বাড়ায় রাজশাহীর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিকের উপপরিচালক এই ছুটি ঘোষণা করেন।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে শুধু আজ রবিবার। তবে তাপমাত্রা যদি একই রকম থাকে তাহলে আজ আবার নতুন করে ঘোষণা দেওয়া হবে।
অন্যদিকে রাজশাহী অঞ্চলের মাধ্যমিকের উপপরিচালক ডা. শারমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ‘তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় ২১ ও ২২ জানুয়ারি রাজশাহীর মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো।’
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রাজশাহীতে গতকাল সকালে সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী এক সপ্তাহে রাজশাহীর দিনের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে কয়েক দিন থেকেই দিনের তাপমাত্র ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ রেকর্ড হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন, পরবর্তী ৭ দিনের পূর্বাভাসে দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা আছে। এর মধ্যে দিনের তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই। ৭ দিন পর বৃষ্টি হয়ে দিনের তাপমাত্রা বাড়তে পারে।