ঢাকা-ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে, বিশেষত ইতালিতে যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবে নিয়মিত মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পূর্ব ভূমধ্যসাগরীয় এই অভিবাসন রুটে প্রাণ হারানো বা নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা গত এক বছরে দ্বিগুণ বেড়েছে। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থার বরাতে আন্তর্জাতিক সংস্থা ইনফোমাইগ্রেন্টস গতকাল রবিবার এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২৩ সালে কমপক্ষে ৭১০ অভিবাসনপ্রত্যাশী পূর্ব ভূমধ্যসাগরীয় রুটে মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। ২০২২ সালে এই অভিবাসন রুটে মারা যাওয়া বা নিখোঁজ মানুষের সংখ্যা ছিল ৩৪৩। সে হিসাবে গত বছর এ সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।
পূর্ব ভূমধ্যসাগরীয় অভিবাসন রুট পেরিয়ে ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রবেশ করা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল ৪১ হাজার ৫৮৪। এর আগের বছর, অর্থাৎ ২০২২ সালে এ সংখ্যা ছিল ১২ হাজার ৭৫৮ জন। গত বছর স্থলপথে যাওয়া অভিবাসনপ্রত্যাশীর সংখ্যাও বেড়েছে।