রাতুল প্রপার্টিজ লিমিটেড (আরপিএল)-এর অ্যানুয়াল বিজনেস কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল সংশ্লিষ্টদের হাতে অ্যানুয়াল বিজনেস প্ল্যান-২০২৪ হস্তান্তর করেন।
অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল কালাম আজাদ, আরপিএলের চিফ বিজনেস অফিসার এহসানুর রহমান এবং সিওও আবুল ফজল মো. তোফাজ্জল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল বলেন, ‘২০০৬ সাল থেকে সুনামের সঙ্গে প্লট, ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস ক্রয়-বিক্রয়ের মার্কেটপ্লেস হিসেবে কাজ করছে রাতুল প্রপার্টিজ লিমিটেড। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে সেবাগুলোকে গতিশীল আর ভোক্তাকেন্দ্রিক করা হয়েছে। এ ছাড়া দক্ষ জনবলের মাধ্যমে ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্পেস সংক্রান্ত আইনি সহায়তা, ফ্ল্যাট বা বাড়ির সংস্কার ও মালিকানা পরিবর্তনের মতো সেবাও দেওয়া হচ্ছে। আর্থিক ঋণের মাধ্যমে যারা ফ্ল্যাট কিনতে চান তাদের ব্যাংক কিংবা সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের ব্যবস্থা করে দেয় রাতুল প্রপার্টিজ লিমিটেড। এতে গ্রাহকের জন্য নিজের ফ্ল্যাট কেনা অনেক সহজ হয়ে যায়।’
রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল কালাম আজাদ জানান, বর্তমানে ঢাকার গুলশান, বসুন্ধরা, বনানী, ধানমন্ডি, উত্তরা, মিরপুর, বাংলা মোটর ও পল্টনে অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল স্পেস ক্রয়-বিক্রয় করছে রাতুল প্রপার্টিজ। শিগগিরই সারা দেশে এই সেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
রাতুল প্রপার্টিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার (সিবিও) এহসানুর রহমান বলেন, ‘সেকেন্ডারি মার্কেটের মধ্যে বাংলাদেশে রাতুল প্রপার্টিজ লিমিটেডই প্রথম প্রতিষ্ঠান, যার মাধ্যমে বিক্রেতার কাছ থেকে আমরা সরাসরি প্রপার্টি ক্রয় করি এবং গ্রাহকের যথাযথ চাহিদা অনুযায়ী বিক্রি করি। আমরা ক্রেতার পছন্দ এবং ক্রয়ক্ষমতা বিবেচনা করে আইনগত সব বিষয় পর্যবেক্ষণ করে ঝামেলামুক্ত প্রপার্টি তুলে দিই। এতে করে আমরা ক্রেতার কাছে আস্থার জায়গা তৈরি করতে পেরেছি।’
অনুষ্ঠানে ২০২৩ সালের সেরা পারফরম্যান্সকারী কর্মকর্তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল।