রুশ দখলে থাকা শহরে গোলাবর্ষণে নিহত ২৫

ইউক্রেনে রাশিয়ার দখলে থাকা শহরে গোলাবর্ষণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত রবিবার রুশ অধিকৃত ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের শহরতলির একটি বাজারে কামানের গোলার আঘাতে এই প্রাণহানি ঘটেছে। দোনেৎস্কে রাশিয়ার নিযুক্ত কর্তৃপক্ষের প্রধান ডেনিস পুশিলিন জানান, তেকস্তিলশ্চিক নামের শহরতলিতে দুই শিশুসহ আরও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। তিনি গোলাবর্ষণের জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে দায়ী করেন। এ ঘটনার বিষয়ে কিয়েভ কোনো মন্তব্য করেনি। পুশিলিন জানান, পশ্চিমে কুরাখোভ ও ক্রাশনোহোরিভকার দিক থেকে অঞ্চলটিতে ১৫৫ মিলিমিটার ও ১৫২ মিলিমিটার ক্যালিবারের কামানের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করে এবং এজন্য ইউক্রেনকে দায়ী করে। এতে বলা হয়, ‘এসব সন্ত্রাসী হামলা, শান্তি প্রতিষ্ঠা ও কূটনৈতিক প্রক্রিয়ায় এই সংঘাত নিরসনে কিয়েভে ক্ষমতাসীনদের রাজনৈতিক সদিচ্ছার অভাবকে সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।’