কুমিল্লায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯, বন্ধ হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান 

কুমিল্লায় জেঁকে বসেছে শীত। রাত থেকে পড়ছে ঘন কুয়াশা। তার সঙ্গে রয়েছে উত্তরের হিমেল হাওয়া। অধিকাংশ সময়ই আকাশ থাকছে মেঘাচ্ছন্ন। দেখা নেই সূর্যের। ফলে ঠাণ্ডায় কাঁপছে কুমিল্লার জনপদ। এ শীতের দাপটে কাবু দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন। অন্যদিকে বাড়ছে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা। এ অবস্থায় জরুরী প্রয়োজন ছাড়া খুব একটা মানুষজনকে ঘরের বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়নি।

আবহাওয়া অফিসের তথ্য মতে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) কুমিল্লায় সর্বনিম্ন ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আকাশ কিছুটা মেঘলা থাকলেও আগামী তিন দিনও আবহাওয়া একই ভাবে থাকবে।

কুমিল্লা আবহাওয়া অধিদপ্তর অফিসের অফিসার ইনচার্জ ইসমাইল ভূঁইয়া দেশ রূপান্তরকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান তাদের ওয়েবসাইটে আগের তথ্য রয়েছে। যা কিছুক্ষণের মধ্যে পরিবর্তন করা হবে।

যদিও বলা হয়েছে, কোনো অঞ্চলের আবহাওয়া ১০ ডিগ্রি নিচে নামলে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা কিন্তু কুমিল্লাতে তার উল্টো। কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা রয়েছে। প্রচন্ড শীতের মধ্যে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে দেখা গেছে। 

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা জোড্ডা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন মজুমদার বলেন, এখনো কোন বন্ধের নির্দেশনা পাইনি। সরকার ঘোষিত সকাল ১০টা থেকে ক্লাস শুরু করি আমরা। যা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম দেশ রূপান্তরকে বলেন, আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাই। এ মাত্র আপনার মাধ্যমে খবর পেলাম ৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। খোঁজ খবর নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামলে বিদ্যালয় বন্ধের ঘোষণা আসবে।