রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদের দায়িত্ব পেয়েছেন মো. আশরাফুল ইসলাম। গত সোমবার রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট বিভাগে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

রাজউক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজউকের সবশেষ সাধারণ সভায় নগর পরিকল্পনাবিদ ও ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রকল্পের পরিচালক মো. আশরাফুলকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। ওই সভার সিদ্ধান্তের আলোকে তাকে প্রশাসন বিভাগ থেকে প্রধান নগর পরিকল্পনাবিদের দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।  রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদের দায়িত্ব পাওয়া মো. আশরাফুল ইসলাম পরিকল্পনা বিভাগের পাশাপাশি রাজউকের মিডিয়া মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, রাজউকের মাস্টারপ্ল্যান ড্যাপ ২০১৬-২০৩৫ প্রণয়নে শুরু থেকে নেতৃত্ব দিয়েছেন মো. আশরাফুল ইসলাম। এই কাজের মাধ্যমে ঢাকার জন ঘনত্বের বাস্তব চিত্র তিনি দেশবাসীর কাছে তুলে ধরেছেন। তার নেতৃত্বে প্রথমবারের মতো ড্যাপে ভূমির পুনঃ উন্নয়ন, ব্লক বেইজ ডেভেলপমেন্ট, দরিদ্রদের জন্য বিশেষ আবাসন গড়ে তোলাসহ বহুবিধ নতুন বিষয়যুক্ত করা হয়েছে। ড্যাপ বাস্তবায়নে বিভিন্ন অংশীজনের পক্ষ থেকে বাধা এলেও সরকারের সমর্থনে গেজেট আকারে প্রকাশ হয়েছে রাজউকের সংশোধিত ড্যাপ। পরিকল্পনাবিদদের পেশাজীবী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) রাজউকের ড্যাপ প্রণয়নে সাহসী ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা দিয়েছেন।