উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচনে  যাবে না বিএনপি

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করার পর এবার উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচন গুলোতে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আমরা মনে করি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন শান্তিপূর্ণ হবে না। তাই নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপি আগে থেকেই নিয়ে রেখেছে।’

২০১৯ সালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির এক সভার সিদ্ধান্ত মোতাবেক তখন থেকে সিটি করপোরেশন, উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন বর্জন করে আসছে দলটি।

গত সোমবার রাতে আওয়ামী লীগের জরুরি কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত অনুযায়ী সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদের যে ভোট হতে যাচ্ছে, সেখানে নৌকা প্রতীক দেবে না দলটি। সেক্ষেত্রে প্রতীক ছাড়া নির্বাচন হলে বিএনপি কী করবে এমন প্রশ্নর জবাবে রিজভী বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে যে সিদ্ধান্ত তা হচ্ছে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না। কারণ, তার অধীনে কোনো নির্বাচন কখনো অবাধ সুষ্ঠু হয় না।’

যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিজিবির সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘এত দিন দেখেছি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে সাধারণ বাংলাদেশি নিহত হয়েছে। আর এখন দেখছি, সীমান্তে এখন বিজিবিরও নিরাপত্তা নেই। অন্য দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আরেকটা স্বাধীন দেশের সীমান্তরক্ষী বাহিনী হত্যা কোনো সাধারণ ঘটনা নয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, তাহসিনা রশদীর লুনা, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, আসাদুল করীম শাহিন, মনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং, আমিনুল ইসলাম প্রমুখ।