মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীদের তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের বরাতে গতকাল বুধবার এক প্রতিবেদনে এ খবর জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি বলছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের ওপর হামলার জবাবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন লয়েড অস্টিন। তিনি জানান, ইরাকে সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ এবং অন্য ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
তবে এ হামলা ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল-আরাজি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি বলেন, এই মার্কিন হামলা শান্তি আনতে সাহায্য করেনি। এদিকে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) বলেছে, কাতাইব হিজবুল্লাহর সদর দপ্তর, গুদাম ও রকেট, ক্ষেপণাস্ত্র এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আক্রমণের সক্ষমতাসম্পন্ন ড্রোন ধ্বংসের লক্ষ্য নিয়ে হামলাগুলো চালানো হয়েছে।