আইনমন্ত্রী বললেন

শ্রম আইন সংশোধন বিল পাস হবে আগামী অধিবেশনে

শ্রম আইন সংশোধন বিল জাতীয় সংসদের আগামী অধিবেশনে পাস হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল বুধবার আইন মন্ত্রণালয়ে শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি।

সংশোধিত শ্রম আইন আগামী সংসদ অধিবেশনে উঠবে কি না এবং তা পাস হবে কি না- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘অবশ্যই উঠবে, অবশ্যই পাস হবে।’ শিল্প কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের স্বাক্ষরের হার ১০ শতাংশের বিষয়ে তিনি বলেন, ‘এটা নিয়েও আজ আমরা আলোচনা করেছি। সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর আগের নির্দেশনা অনুযায়ী একটা পরিবর্তন এনেছি, আমি খুব শিগগির প্রধানমন্ত্রীকে এটা নিয়ে ব্রিফ করব।’

শ্রমিকদের জীবনমান উন্নয়নবিষয়ক প্রশ্নে তিনি বলেন, ‘বাংলাদেশে একটি দুর্ঘটনার পর সরকার শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়নে যে মনোযোগ দিয়েছে, এ রকম অন্য কোনো দেশে খুব বিরল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১১ বছরে শ্রমিকদের কর্মপরিবেশের আমূল পরিবর্তন এবং উন্নত হয়েছে। যারা (বিদেশিরা) এটা নিয়ে কথা বলছেন, তাদের ২০০৩-০৪-০৫ সালে কী অবস্থা ছিল এবং ২০১২ থেকে ২০২৩ সাল পর্যন্ত কী পরিবর্তন হয়েছে, সেটা বিবেচনা করতে হবে। এসব বিবেচনা করেই তাদের কথা বলা উচিত।’

বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের অতিরিক্ত সচিব (সচিবের দায়িত্বে) হাফিজ আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।