বিরোধী নেতাকর্মীদের মুক্তি চান জাতিসংঘের বিশেষজ্ঞরা

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আটক করা বিরোধী দলের ২৫ হাজার নেতাকর্মীর মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা এ আহ্বান জানান। বিশেষজ্ঞরা বলেন, মানবাধিকার ইস্যুতে সরকারের গুরুত্বপূর্ণ সংস্কার আনতে হবে।

বিজ্ঞপ্তিতে বিশেষজ্ঞরা আরও বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে এবং নিঃশর্তভাবে সব সুশীল ও রাজনৈতিক কর্মীর মুক্তি, ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক মানবাধিকার মান অনুযায়ী ন্যায্য পাবলিক ট্রায়াল নিশ্চিত করা এবং এজন্য বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি।

এ ছাড়া মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং অবাধ ও বাধাবিহীন অনুশীলনের নিশ্চয়তা দেওয়ার অনুরোধ করেন মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞরা। বিশেষ করে রাজনৈতিক সমাবেশে অযথা বিধিনিষেধ আরোপ করা থেকে বিরত থাকতে বলেছেন তারা। একই সঙ্গে এই মৌলিক স্বাধীনতার গুরুতর লঙ্ঘন করা হলে, কেন করা হলো, তার জবাবদিহিতা নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়।

এ ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা, সমালোচনামূলক প্রতিবেদনের বিপরীতে হুমকি, শারীরিক ও অনলাইন সহিংসতা বা বিচারিক হয়রানি এবং ফৌজদারি বিচার থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানান তারা।

বিশেষজ্ঞরা বলেন, তারা মানবাধিকার ও আইনের শাসনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপের বিষয়ে বাংলাদেশ সরকারকে সমর্থন ও পরামর্শ দিতে প্রস্তুত।