পাবনার চাটমোহরে রান্নাঘর থেকে গৃহবধূ ও বাড়ির পাশের একটি গাছ থেকে তার শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
নিহতরা হলো উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী লাবনী খাতুন (৩৫) ও তার ছেলে রিয়াদ হোসেন (৮)। রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।
স্থানীয়দের বরাত দিয়ে ফৈলজানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। কারও সঙ্গে শত্রুতা ছিল না তাদের। কে বা কারা তাদের এভাবে হত্যা করেছে তা প্রশাসন ভালো বলতে পারবে।
স্থানীয় ইউপি সদস্য মো. নান্নু বলেন, ওই বাড়িতে লাবনী খাতুন, তার শিশু ছেলে ও শাশুড়ি নিয়ে থাকতেন। বাড়ির ভবন তৈরির কাজ চলছে। ধারণা করা হচ্ছে কেউ টাকা চুরি বা ডাকাতি করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে।
লাবনী খাতুনের মরদেহ রান্নাঘরে পড়েছিল এবং ছেলেটির মরদেহ পাশের এক গাছে ঝুলছিল।
চাটমোহর ওসি সেলিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হত্যাকা-ের মোটিভ খুঁজে বের করতে তদন্ত চলছে।