শ্রম আদালতের দণ্ডাদেশ

আগামীকাল আপিল করে জামিন চাইবেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেওয়া সাজার বিরুদ্ধে আপিল করে জামিন চাইবেন নোবেল বিজয়ী ও গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল রবিবার রাজধানীর কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে আপিল করে জামিন চাইবেন তিনি।

গতকাল শুক্রবার ড. ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শ্রম আদালতের রায়ের অনুলিপি কিছুদিন আগে পেয়েছি। রবিবার ট্রাইব্যুনালে হাজির হয়ে আপিল ও জামিন চাইব। আপিলের সারসংক্ষেপে পুরো রায়কে চ্যালেঞ্জ করেছি।’

এর আগে ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘন করে গ্রামীণ টেলিকমের শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে কোম্পানির চেয়ারম্যান, শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসসহ চার কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের শ্রম আদালত। ইউনূসের পাশাপাশি গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে শ্রম আইনের ৩০৩-এর ৩ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদ- এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ১০ দিনের কারাদ- দেওয়া হয়েছে।

একই আইনের ৩০৭ ধারায় তাদের সবাইকে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদ- দিয়েছেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা। গ্রামীণ টেলিকমের ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছিল এ মামলার আসামিদের বিরুদ্ধে। ৮৪ পৃষ্ঠার রায়ে বিচারক বলেছেন, আসামিদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে।