ফের যুক্তরাজ্যে মোতায়েন হচ্ছে মার্কিন পরমাণু অস্ত্র

১৫ বছর পর যুক্তরাজ্যে ফের পারমাণবিক অস্ত্র মোতায়েন করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে পেন্টাগনের নথিপত্র যাচাই করে ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। এতে বলা হয়, রাশিয়ার হামলা ঠেকানোর ভাবনা থেকেই এমন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র যেসব পারমাণবিক ওয়ারহেডগুলো মোতায়েনের কথা ভাবছে তা সক্ষমতার দিক থেকে হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার চেয়ে প্রায় তিনগুণ শক্তিশালী। স্নায়ুযুদ্ধের তীব্র উত্তেজনা চলাকালে যুক্তরাজ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল ওয়াশিংটন। পরে যুদ্ধের ঝুঁকি না থাকায় ২০০৮ সালে সেগুলো সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।

 সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলোর ব্যাপক পরিসরে সামরিক মহড়া শুরুর পর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বাড়ছে। এ প্রক্ষাপটে সম্ভাব্য রুশ হামলার শঙ্কায় নতুন করে যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র স্থাপনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।