ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজন প্রচুর অনুশীলন। সংবাদপত্র, বই এবং ভিডিও থেকে অর্জিত জ্ঞান স্বতঃস্ফূর্তভাবে প্রয়োগের জন্য প্রয়োজন নিয়মিত অনুশীলন। কিন্তু সংকোচের কারণে অনেকেই ইংরেজিতে কথা বলার জন্য যে অনুশীলন করা দরকার তা করতে পারেন না। সংকোচভাব অতিক্রম করে ইংরেজিতে কথা বলার জন্য অনুশীলনের কয়েকটি কৌশল জানাচ্ছেন বিপুল জামান
ইংরেজিতে চিন্তা করা
আমাদের মনের ভেতর অনেক চিন্তা থাকে। সেগুলো আমরা মনে মনেই ইংরেজিতে সাজাতে পারি। সাধারণত ইংরেজিতে কথা বলার আগে কী বলব তা বাংলায় ভেবে নিই। তারপর সেটা মনে মনে ইংরেজিতে অনুবাদ করি এবং তারপর ইংরেজিতে বলি। এর ফলে আমাদের ইংরেজি কথা বলতে দেরি হয়। আমরা যদি মনে মনেই সেগুলোকে ইংরেজিতে সাজিয়ে ফেলি তাহলে আমাদের মনের সংকোচ যেমন কেটে যাবে তেমনি ইংরেজিতে কথা বলার প্রাথমিক প্রস্তুতিও হয়ে যাবে।
একা একা কথা বলা
স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে কথা বলা আয়ত্ত করতে নিজে নিজে কথা বলা একটি দারুণ উপকারী অভ্যাস। নিজে নিজে ইংরেজি বলার অভ্যাসের ফলে ভুলগুলো নিজেই শোনার অবকাশ পাওয়া যায়, ফলে নিজের ভুলগুলোও নিজেই ধরা যায়। ফলে ত্রুটি সংশোধন করে স্বতঃস্ফূর্ত ও নিখুঁতভাবে ইংরেজিতে কথা বলা আয়ত্ত হবে।
গ্রামার নিয়ে বেশি চিন্তা না করা
ইংরেজিতে কথা বলা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয় গ্রামার নিয়ে। নির্ভুল গ্রামারে লিখতে পারলেও বলার সময় গ্রামারে ভুল হয়ে যাচ্ছে। আর ভুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা থেমে যাই। ফলে স্বতঃস্ফূর্ততা বিঘœ হয়। এ কারণেই, প্র্যাকটিসের সময় গ্রামার নিয়ে বেশি মাথা ঘামানো যাবে না। ভুল হচ্ছে? হোক! কথা বলা থামানো যাবে না। গ্রামারের ভুলগুলো ধীরে ধীরে কমে আসবে। কিন্তু, গ্রামারের কথা ভেবে যদি বলা থামিয়ে দেই, তবে স্বতঃস্ফূর্ততা কখনই আসবে না।
প্রচুর ইংরেজি শোনা
চমৎকার ইংরেজি বলার জন্য প্রচুর ইংরেজি শোনার বিকল্প নেই। টিভি সিরিজ এবং মুভি দেখা এ ক্ষেত্রে সাহায্য করতে পারে। এতে ইংরেজি শব্দভা-ার বাড়বে, ইংরেজিতে কথা বলাও সহজ হবে।
ইংরেজিতে গল্প বলা
জানা গল্প ইংরেজিতে বলার অভ্যাস করা যেতে পারে। এর ফলে কী বলতে হবে তা নিয়ে চিন্তা করতে হবে না বলে শুধু ইংরেজি বলাটাই হবে একমাত্র লক্ষ্য। ফলে ভুল হবে কম, আত্মবিশ্বাস বাড়বে। ধীরে ধীরে ইংরেজি বলাটা হয়ে উঠবে সহজ।
আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা
আয়নার সামনে দাঁড়িয়ে কথা বললে আমরা ইংরেজি বলার সময় আমাদের বাচনভঙ্গিও দেখতে পাব। অধিকাংশ সময় আমরা ইংরেজিতে কথা বলার সময় আমাদের ভুল নিয়ে এতটাই সচেতন থাকি যে আমাদের আচরণে সেটা ফুটে ওঠে। যখন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করব, তখন নিজেদের এই ভুল বুঝতে পারব। এবং নিজেদের আড়ষ্টতা কাটানোর জন্য কাজ করতে পারব।
সংকোচ কাটিয়ে তোলা
একা একা বেশ কিছুদিন প্র্যাকটিস করার পর আমাদের মনে হতে পারে যে, এখন আমরা অন্যদের সামনেও একইভাবে না আটকে ইংরেজিতে কথা বলে যেতে পারব। কিন্তু যখন সময় আসে অন্যের সামনে বলার তখন পারি না। এই সংকোচ কাটিয়ে উঠতে হবে। এর জন্য বারবার অনুশীলনের বিকল্প নেই।